লালমনিরহাটে জোড়া খুনের আসামিসহ গ্রেপ্তার ১৭ গ্রেপ্তার
লালমনিরহাটে জোড়া খুনসহ তিন মামলার অভিযোগপত্রভুক্ত (চার্জশিট) আসামি আসলাম হোসেনসহ (৩৫) ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার দিবাগত গভীর রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
আসামি আসলাম হোসেন লালমনিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাপটানা এলাকার নুরুল ইসলামের ছেলে। তিনি সদর উপজেলার মোগলহাট ইউনিয়ন আওয়ামী তরুণ লীগের সভাপতি সাব্বির আহম্মেদ ওরফে রাজু এবং লালমনিরহাট পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কলেজছাত্র মেহেদী হাসান পরশ হত্যা মামলাসহ তিন মামলার অভিযোগপত্রভুক্ত আসামি।
আসলাম হোসেনের বড় ভাই লালমনিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুস সালাম বলেন, দায়ের করা সব মামলায় আসলাম জামিনে ছিলেন। গত বুধবার দিবাগত রাতে সদর থানার পুলিশ তাঁকে আটক করে। শুনেছি তাঁর বিরুদ্ধে মাদক মামলা দেওয়া হচ্ছে।
সহকারী পুলিশ সুপার (সার্কেল) শহীদ সোহরাওয়ার্দী বলেন, জেলায় সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকবিরোধী অভিযান চলছে। এ অভিযানেই তাঁদের গ্রেপ্তার করা হয়। এঁদের মধ্যে জেলার পাটগ্রাম থানায় একজন, হাতীবান্ধা থানায় দুজন এবং লালমনিরহাট সদর থানায় আসলাম হোসেনসহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, আসলাম হোসেন জোড়া খুনের মামলাসহ তিন মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। গতকাল দিবাগত রাতে তাঁকে হেরোইনসহ গ্রেপ্তার করা হয়েছে। সদর থানার গ্রেপ্তার ১৪ জনের মধ্যে ১১ জনকে আজ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আসলাম হোসেনসহ বাকি তিন আসামিকে আগামীকাল শুক্রবার বিশেষ ব্যবস্থায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
লালমনিরহাট পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, গ্রেপ্তার হওয়া ১৭ জন আসামির কাছ থেকে হেরোইন, গাঁজা, ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে। যাঁদের কাছে এ–সংক্রান্ত তথ্য–প্রমাণ রয়েছে, তাঁরা পুলিশকে তা জানাতে পারেন। নিরাপত্তার স্বার্থে তথ্যদাতাদের নাম গোপন রাখা হবে।