দুই ভাই অ্যাসিড-সন্ত্রাসের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্বশত্রুতার জের ধরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী গোড়ল চৌপতি গ্রামে অ্যাসিড-সন্ত্রাসের শিকার হয়েছেন দুই ভাই। গতকাল রোববার ভোরের দিকে নিজ বাড়িতে অ্যাসিড-সন্ত্রাসের এ ঘটনা ঘটে।

দুই ভাই হলেন গোড়ল চৌপতি গ্রামের আবুল কালামের ছেলে ফরহাদ হোসেন (২২) ও তাঁর চাচাতো ভাই নূর হক (১৬)। ঘটনার সময় তাঁরা দুজন একই ঘরে ঘুমিয়েছিলেন।

পারিবারিক সূত্র জানায়, একটি মামলায় হাজিরা দিতে গত শনিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরেন ফরহাদ। তিনি ঢাকায় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করেন। রাতে চাচাতো ভাই নূর হকের সঙ্গে ঘুমিয়েছিলেন। রোববার ভোরের দিকে ঘরের দরজা খুলে একদল দুর্বৃত্ত ভেতরে ঢুকে অ্যাসিড ছুড়ে পালিয়ে যায়। দুই ভাইয়ের চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে তাঁদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাঁদের মধ্যে ফরহাদ গুরুতর দগ্ধ হয়েছেন। তাঁর মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থান ঝলসে গেছে।

ফরহাদ হোসেনের চাচা আবুল কাশেম বলেন, পূর্বশত্রুতার জের ধরেই এ ঘটনা ঘটানো হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গ্রামের এক পরিবারের সঙ্গে ফরহাদ হোসেনের দ্বন্দ্ব রয়েছে। ওই পরিবার তাঁর বিরুদ্ধে আদালতে মামলা করেছে। গতকাল ওই মামলায় আদালতে ফরহাদের হাজির হওয়ার দিন ধার্য ছিল। তার আগেই ফরহাদ ও তাঁর চাচাতো ভাই নূর হক অ্যাসিড হামলার শিকার হলেন।

গোড়ল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল ইসলাম জানান, কেন বা কী কারণে এই অ্যাসিড-সন্ত্রাসের ঘটনা ঘটানো হয়েছে, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আহসান হাবীব জানান, দুজনকে ভোরের দিকে এই হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে ফরহাদের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফরহাদ ও নূর হককে পরীক্ষা করে তাঁদের শরীরে অ্যাসিডিক বার্ন পাওয়া গেছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় কোনো অভিযোগ করেনি। তবে ঘটনা জানার পরপরই আমরা খোঁজখবর নেওয়া শুরু করেছি। ঘটনাস্থল এবং হাসপাতালে পুলিশ গিয়েছে। মামলা হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’