লালমনিরহাটে নিখোঁজ অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার
লালমনিরহাট পৌরসভার ভেরভেরি দোলার একটি ধানখেত থেকে গতকাল মঙ্গলবার সকালে নিখোঁজ অটোচালক রুবেল হোসেনের (১৬) গলাকাটা লাশ উদ্ধার করেছে লালমনিরহাট সদর থানার পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কাশিপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে রুবেল হোসেন গত সোমবার রাত থেকে নিখোঁজ ছিলেন। গতকাল সকালে ভেরভেরি দোলার একটি ধানখেত থেকে অজ্ঞাত হিসেবে একটি লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর থানায় আনা হয়। সংবাদ পেয়ে সাইদুল ইসলাম ও তাঁর স্ত্রী রশিদা বেগম লালমনিরহাট সদর থানায় ছুটে আসেন। তাঁরা লাশটি রুবেল হোসেনের বলে শনাক্ত করেন।
জানা যায়, প্রতিদিন অটোরিকশা চালানোর পর রুবেল হোসেন রাত নয়টার মধ্যেই বাড়িতে ফিরে আসেন। সোমবার সকাল সাড়ে ছয়টায় একই উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফিরে আসেননি, কোথাও তাঁর অটোরিকশাও খুঁজে পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের ধারণা, অটোরিকশাটি ছিনতাই করার জন্যই তাঁকে এভাবে হত্যা করা হয়েছে।
লালমনিরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার রায় বলেন, সাইদুল ইসলাম বাদী হয়ে গতকাল বিকেলে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে লালমনিরহাট সদর থানায় মামলা করেছেন।