লালমনিরহাটে পিটুনিতে সন্দেহভাজন চোর নিহত
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় গত শুক্রবার রাতে চুরি করতে গিয়ে মোজাম্মেল হক (৩৫) নামের এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। মোজাম্মেল হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী এলাকার বাসিন্দা।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, কালীগঞ্জের তুষভান্ডার ইউনিয়নের এমপি মোড়ের তানভীর সাবুর বাড়িতে গত শুক্রবার রাতে চুরি করতে গিয়ে মোজাম্মেল আটক হন। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে বেদম পিটুনি দিয়ে রাতভর ঘরে আটকে রাখেন। অবস্থা বেগতিক দেখে গতকাল শনিবার সকালে মোজাম্মেলকে মুমূর্ষু অবস্থায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল সাড়ে ৯টার দিকে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মোজাম্মেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ব্যাপারে জানতে চাইলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিক তথ্যে জানতে পেরেছি মোজাম্মেল শুক্রবার রাতে তানভীরের বাড়িতে তিন চাকার অটো-কাভার্ড ভ্যান চুরি করতে গিয়ে স্থানীয় ব্যক্তিদের হাতে আটক হন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি ব্যাপক মারধরের শিকার হয়ে হাসপাতালে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় মোজাম্মেলের পরিবারের পক্ষ থেকে মামলা করা না হলে পুলিশের পক্ষ থেকে মামলা করা হবে। মামলার পর তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’