ফেনসিডিলের বোতলসহ আটক এক মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেওয়ার জন্য তদবির করায় এক পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। গত রোববার লালমনিরহাট পুলিশ লাইনে তাঁকে প্রত্যাহার করা হয়।
ওই পুলিশ সদস্যের নাম ওমর ফারুক (৩৫)। তিনি লালমনিরহাট জেলা পুলিশের অধীনে জেলা প্রশাসকের বাসভবনের নিরাপত্তারক্ষীর দায়িত্বে ছিলেন। তাঁর বাড়ি রংপুর কোতোয়ালি থানার বকুলপুর গ্রামে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেলে আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী বাজার অটোস্ট্যান্ড এলাকায় পুলিশ একটি মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় মোটরসাইকেলের তিন আরোহীর মধ্যে দুজন পালিয়ে যায়। পরে পুলিশ অপর আরোহী রাকিবুল ইসলামকে একটি কাপড়ের থলেসহ আটক করে। এ সময় তল্লাশি করে ওই থলেতে ৪৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়। একপর্যায়ে সেখানে উপস্থিত হয়ে ওমর ফারুক রাকিবুলকে ছেড়ে দিতে তদবির করেন।
পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বলেন, মাদকসহ আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়ার জন্য তদবির করায় ওমর ফারুককে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ লাইনে থাকায় ওমর ফারুকের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।