লালমনিরহাট সদর উপজেলার হরিদেব দয়েজ উদ্দিন উচ্চবিদ্যালয়ে আইসিটি প্রদর্শক নিয়োগকে ঘিরে প্রধান শিক্ষক মনোরঞ্জন রায়কে (৪৯) মারধরের অভিযোগ উঠেছে। মনোরঞ্জন রায় বলেছেন, বিদ্যালয়ের প্রাক্তন এক ছাত্রসহ কয়েকজন তাঁকে কিল-ঘুষি মেরে আহত করা ছাড়াও প্রাণনাশের হুমকি দিয়েছেন।
গত মঙ্গলবার সকালের এ ঘটনার জেরে ওই দিন সন্ধ্যায় মনোরঞ্জন রায় ছয়জনের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় একটি মামলা করেছেন।
মামলার আসামিরা হলেন পঞ্চগ্রাম ইউনিয়নের গুরু গোবিন্দ গ্রামের আবু সিদ্দিক মিয়ার ছেলে ইকবাল হোসেন (২৪) ও আরিফুল ইসলাম (২২), একই গ্রামের মকবুল মিয়ার ছেলে মুকুল মিয়া (৩২), আবু বক্করের ছেলে ঈমান আলী (২৮), আবদুল গফুরের ছেলে সূর্য মিয়া (১৯) ও বজল উদ্দিনের ছেলে আবু সিদ্দিক (৫৮)।
সম্প্রতি পঞ্চগ্রাম ইউনিয়নের ওই বিদ্যালয়ে একজন আইসিটি প্রদর্শক (শিক্ষক) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নিয়োগ পেতে কয়েকজন আবেদন করেন। বর্তমানে নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন। মামলার এজাহার ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের কয়েকজন শিক্ষক-শিক্ষার্থীর সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকালে দুই ভাই ইকবাল ও আরিফুল অন্য আসামিদের নিয়ে বিদ্যালয়ে যান। তাঁরা প্রধান শিক্ষকের কাছে নিয়োগ নিয়ে ‘দেরি হচ্ছে’ কেন তা জানতে চান। কথাবার্তার একপর্যায়ে ইকবাল ও আরিফুল উত্তেজিত হয়ে প্রধান শিক্ষককে কিল-ঘুষি মেরে আহত করেন। এ সময় অন্য শিক্ষকেরা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক হায়দার আলী, শাহ আলো ও এনামুল হক বলেন, ছয় ব্যক্তি হঠাৎ করেই প্রধান শিক্ষকের ওপর চড়াও হন। ঘটনার আকস্মিকতায় তাঁরা হামলা ঠেকাতে পারেননি।
শিক্ষককে মারধরের ঘটনার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে হরিদেব দয়েজ উদ্দিন উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা মঙ্গলবার ক্লাস করেনি।
হামলার ব্যাপারে জানতে চাইলে, প্রধান শিক্ষক মনোরঞ্জন রায় বলেন, হামলায় নেতৃত্ব দেওয়া ইকবাল তাঁর প্রাক্তন ছাত্র। হামলাকারীরা এসে ইকবালের বড় ভাই নবীয়ার রহমানের স্ত্রী শিরিন আক্তারকে নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতি চান। এটা নিশ্চিত করা তাঁর পক্ষে সম্ভব নয়, এ কথা বললে ইকবাল ও আরিফুল তাঁকে কিল-ঘুষি মারেন। প্রধান শিক্ষক বলেন, ‘এভাবে একজন ছাত্রের হাতে কিল-ঘুষি খাওয়াটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এ কারণে আমি মামলা করেছি।’
ইকবাল ও আরিফুলের পরিবার প্রধান শিক্ষকের বিরুদ্ধে চাকরি দেওয়ার জন্য ঘুষ নেওয়ার অভিযোগ তুলেছেন, এ কথা জানিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে প্রধান শিক্ষক বলেন, ‘প্রদর্শকের চাকরির বিষয়ে কারও সঙ্গে কোনো আর্থিক লেনদেন হওয়ার অভিযোগ সত্য নয়।’
ইকবাল ও আরিফুলের মা আনোয়ারা বেগম প্রথম আলোর কাছে দাবি করেছেন, তাঁর পুত্রবধূ শিরিনকে চাকরি দেওয়ার জন্য তাঁরা প্রধান শিক্ষককে টাকা দিয়েছেন। এখন শুনছেন, অন্যের কাছ থেকে বেশি টাকা নিয়ে তিনি শিরিনকে চাকরি দেবেন না। আনোয়ারা বেগম বলেন, এ নিয়ে তাঁর ছেলে ইকবাল ও আরিফুল প্রধান শিক্ষকের কাছে জানতে গিয়েছিলেন। পরে তাঁদের খোঁজে বাড়িতে পুলিশ এসেছিল। তবে ছেলেরা কোথায় আছেন, তা তিনি জানেন না।