লালমনিরহাটে বখাটেদের হামলায় এএসআই আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রুবেল মিয়া বখাটেদের হামলার শিকার হয়েছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে লালমনিরহাট শহরের আপন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, রুবেলের এক শ্যালিকাকে বখাটেরা উত্ত্যক্ত করে আসছিল। এর প্রতিবাদ করায় তাঁর ওপর এ হামলা হয়। এ ঘটনায় সদর থানায় ১০ জনকে আসামি করে মামলা হয়েছে। গতকাল শুক্রবার সকালে এ মামলার আসামি আপন পাড়া এলাকার মো. মমিনকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এএসআই রুবেলের শ্যালিকা (১৪) স্থানীয় একটি মাদ্রাসায় নবম শ্রেণিতে পড়ে। মাদ্রাসায় আসা-যাওয়ার পথে মমিন তাকে উত্ত্যক্ত করে আসছিলেন। রুবেল এ ঘটনা জানার পর মমিনকে উত্ত্যক্তকরণ বন্ধ করতে বলেন। এতে মমিন ক্ষুব্ধ হয়ে সহযোগীদের নিয়ে সদর হাসপাতালের অদূরে পাকা রাস্তায় ধারালো অস্ত্র দিয়ে রুবেলকে কুপিয়ে জখম করেন। পরে তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। রুবেলকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।