লালমনিরহাটে মদ পান করে তিনজনের মৃত্যু
লালমনিরহাটের কালীগঞ্জের কাশীরাম সুইপার কলোনিতে দেশীয় মদ পান করে হরিজন সম্প্রদায়ের একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার তাঁদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
মৃত ব্যক্তিরা হলেন যদু লাল (৬২), তাঁর স্ত্রী রিনা বালা (৪০) এবং রিনা বালার ভাই রঞ্জন লাল (২৫)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত সোমবার রাতে কাশীরাম সুইপার কলোনির যদু লালের ছেলের বিয়ের অনুষ্ঠান চলছিল। তাঁরা তিনজন দেশি মদ পান করে বাড়িতে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার সকালে রিনা বালা ও তাঁর ভাই রঞ্জন লালকে ঘরের বিছানাতেই মৃত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় গুরুতর অসুস্থ অবস্থায় যদু লালকে পরিবারের সদস্যরা স্থানীয় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, গত মঙ্গলবার ময়নাতদন্তের জন্য তিনজনের লাশ লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরে তাঁদের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মদ্যপানজনিত বিষক্রিয়ায় তাঁদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি স্পষ্ট জানা যাবে।