লালমনিরহাটে স্কুলশিক্ষককে পিটিয়ে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমিটি গঠন নিয়ে বিরোধের জের ধরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় গতকাল সোমবার এক স্কুলশিক্ষককে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগকারী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, কমিটি গঠন নিয়ে খাণ্ডোরচড়া বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল লতিফের সঙ্গে বেশ কিছু দিন ধরে সাবেক সভাপতি গোলজার হোসেন ও দাতা সদস্য বাচ্চা মিয়ার দ্বন্দ্ব চলে আসছে। এর জের ধরে গত শনিবার গোলজার হোসেন ও বাচ্চা মিয়া প্রধান শিক্ষককে বিদ্যালয়ের মাঠে লাঞ্ছিত করেন। পরে সহকারী শিক্ষক ইন্দ্রজিৎ ও শিক্ষার্থীরা এগিয়ে এলে তাঁরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে বিদ্যালয়ে যাওয়ার পথে নয়ন, রোকনুজ্জামান ও কাজল নামের স্থানীয় তিন যুবক লাঠিসোঁটা নিয়ে ইন্দ্রজিতের ওপর হামলা করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে যুবকের দল পালিয়ে যায়। পরে ইন্দ্রজিৎকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আহসান হাবীব বলেন, ইন্দ্রজিতের দুই হাত, দুই পা ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্প্রতি আহ্বায়ক কমিটি গঠন করেন। এতে সভাপতি হিসেবে গোলজার হোসেন ও দাতা সদস্য হিসেবে বাচ্চা মিয়া বাদ পড়েন। পরে দাতা সদস্যের পদ ফিরে পেতে বাচ্চা মিয়া আদালতে মামলা করেন। মামলাটি বর্তমানে বিচারাধীন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, এ ঘটনায় শিক্ষক ইন্দ্রজিৎ রায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।