লালমনিরহাটে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটে আবদুর রব (৪৮) নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। সদর থানার পুলিশ গতকাল মঙ্গলবার দুপুরে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করেছে। স্ত্রীর পরকীয়ার জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার হারাটি ইউনিয়নের পূর্ব ঢাকনাই গ্রামে এ ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজুর রহমান বলেন, নিহত আবদুর রবের ভাই ছক্কু ব্যাপারী বাদী হয়ে মঙ্গলবার সকালে লালমনিরহাট সদর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় আবদুর রবের স্ত্রী রহিমা বেগম (৩৮) ও তাঁর প্রেমিক একই গ্রামের আবদুল বারেকসহ (৩৮) আরও অজ্ঞাত দু-তিনজনকে আসামি করা হয়েছে।
থানার পরিদর্শক (তদন্ত) মনসুর আলী বলেন, এ ঘটনায় মঙ্গলবার রহিমা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নিজপাড়া গ্রামের আবদুর রবের তৃতীয় স্ত্রী রহিমা বেগমের সঙ্গে একই গ্রামের আবদুল বারেকের পরকীয়া সম্পর্ক নিয়ে আবদুর রব ও রহিমা বেগমের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। একপর্যায়ে তাঁদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। এ কারণে আবদুর রব তাঁর বড় ভাই ছক্কু ব্যাপারীর বাড়িতে এবং রহিমা বেগম হারাটি ইউনিয়নের পূর্ব ঢাকনাই গ্রামের পৃথক (নতুন) বাড়িতে তাঁর দুই সন্তান নিয়ে বসবাস করতেন। রব তাঁদের ভরণপোষণ দিতেন। গত সোমবার রাত সাতটা থেকে ১০টা পর্যন্ত আবদুর রবকে কোথাও খুঁজে না পেয়ে তাঁর পরিবারের সদস্যরা ভেবেছিলেন তিনি তাঁর তৃতীয় স্ত্রী রহিমা বেগমের বাড়ি গিয়েছেন। এরপর মঙ্গলবার সকাল পৌনে ছয়টার দিকে পরিবারের সদস্যরা সংবাদ পান আবদুর রবের মৃতদেহ তাঁর তৃতীয় স্ত্রী রহিমা বেগমের নতুন বাড়ির পূর্ব পাশে একটি গাছে ফাঁসিতে ঝুলছে।