লালমনিরহাটে ১৪ মাসে ৩৩টি ট্রান্সফরমার চুরি
পল্লী বিদ্যুৎ সমিতির লালমনিরহাট আঞ্চলিক কার্যালয়ের আওতাধীন এলাকায় গত ১৪ মাসে ৩৩টি ট্রান্সফরমার চুরি হয়েছে। কয়েলের মূল্যবান তামার তারের লোভে চোরেরা বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
পল্লী বিদ্যুৎ সমিতির লালমনিরহাট আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আবদুল করিম বলেন, ‘বৈদ্যুতিক ট্রান্সফরমারের ভেতরে থাকা কয়েলের মূল্যবান তামার তারের লোভেই চোরেরা ট্রান্সফরমারগুলো চুরি করছে। চুরির খবর পাওয়ার পর সংশ্লিষ্ট থানায় আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে এফআইআর করে আসছি।’
ওই কার্যালয়ের দায়িত্বশীল সূত্র জানায়, ২০১৩ সালেরডিসেম্বরে সাতটি, নভেম্বরে চার, অক্টোবরে তিন, সেপ্টেম্বরে তিন, জুলাইয়ে একটি এবং চলতি বছরের জানুয়ারিতে সাতটি, ফেব্রুয়ারিতে তিন, মার্চে এক, মে মাসে তিন ও জুনে একটিসহ মোট ৩৩টি ট্রান্সফরমার চুরি হয়েছে।
চলতি বছরের ২৫ মে রাতে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের গুড়িয়াদহ গ্রামে চোরেরা এক পাহারাদারকে বেঁধে রেখে ১০ কেভি ক্ষমতাসম্পন্ন তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে ৯ জুন কর্তৃপক্ষ সদর থানায় এফআইআর করে।
এর আগে ৮ জুন রাতে আদিতমারীর সাপ্টিবাড়ি বাজার এলাকা থেকে ১৫ কেভির একটি ট্রান্সফরমার চুরি হয়।