লালমনিরহাটের আ. লীগ নেতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিষ প্রয়োগে ৫-৭টি হাঁসের মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষে লালমনিরহাটের কুলাঘাট ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিরোজ উদ্দিন মুন্সী (৫৫) খুন হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যা ছয়টা ৫০ মিনিটে সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সাম্প্রতিক বন্যার সময় ১০-১৫ দিন আগে বিষ দিয়ে ৫-৭টি হাঁসের মৃত্যুকে কেন্দ্র করে বিকেল চারটার দিকে কুলাঘাট ইউনিয়নের চর খাটামারী গ্রামের ফজলু শেখের বাড়ির সামনে গ্রাম্য সালিশ বসে। এ সময় প্রথমে তর্ক-বিতর্ক পরে হাতাহাতি থেকে মারামারি শুরু হয়। এ সময় প্রতিপক্ষের একই গ্রামের আবদুর রহমানের ছেলে আবদুল বারিক গাছের ডাল দিয়ে বিরোজ উদ্দিন মুন্সীর মাথায় ও মুখে আঘাত করেন। এ সময় সেখানে উপস্থিত বিরোজ মুন্সীর অপর ভাই আবু বকর সিদ্দিক (৪০) তাঁকে বাঁচাতে এগিয়ে এলে তিনিও আঘাতপ্রাপ্ত হন। বিরোজ মুন্সীর ওপর পরপর আব্দুল বারিক, বারিকের বাবা আব্দুর রহমান ও আব্দুর রহমানের স্ত্রী হামলা চালিয়ে তাঁকে গুরুতর আহত করেন।
গুরুতর আহত অবস্থায় বিরোজ ও তাঁর ভাই আবু বকর সিদ্দিককে বিকেল চারটা ৪৫ মিনিটে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় বিরোজ সন্ধ্যায় মারা যান।
এ ব্যাপারে নিহতের জামাতা মো. ইসাহাক আলী বলেন, বন্যার সময় নির্মিত শৌচাগারের গোড়ার কাঁচা মাটি ঠুকিয়ে হাঁস মাটি আলগা করে নষ্ট করতে থাকলে বিরোজ মুন্সীর ছোট ভাই আবু বকর সিদ্দিক শৌচাগারের গোড়ার মাটিতে বিষ মিশিয়ে দেয়। এতে আব্দুর রহমানের ৫-৭টি হাঁস মারা যায়। এ নিয়ে বিরোজ উদ্দিন মুন্সী ও আব্দুর রহমানের পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল।
এ ব্যাপারে কুলাঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইদ্রিস আলী সরকার বলেন, আব্দুর রহমান ঘটনাটি নিয়ে ৫-৭ দিন আগে ইউনিয়ন পরিষদে বিচার দিয়েছিল। তিনি বলেন, গত বৃহস্পতিবার এ নিয়ে ইউপি কার্যালয়ে বিচার হওয়ার কথা থাকলেও বিরোজ উদ্দিন মুন্সী টাইম পিটিশন দিলে বিচার হয়নি। তিনি আরও বলেন, শুক্রবার চরখাটামারী গ্রামে কুলাঘাটের ১ নম্বর ইউপি সদস্য আব্দুল হামিদ ও ৭ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আলিমুদ্দিনের উপস্থিতিতে ফজলু শেখের বাড়ির সামনে গ্রাম্য সালিশ বসে।
পারিবারিক সূত্রে জানা যায়, বিরোজ উদ্দিন মুন্সী, আবু বকর সিদ্দিক ও আব্দুর রহমান এরা সকলেই আপন ভাই। আর প্রথমে হামলাকারী আব্দুল বারিক আপন ভাতিজা।
এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল এবং সদর হাসপাতাল পরিদর্শন করা হয়েছে। মামলা করা হলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।