লালমাই পাহাড় কেটে সাবাড়

অমূল্য প্রত্নসম্পদে ভরা লালমাই পাহাড়। সুউচ্চ টিলাজুড়ে বৃক্ষরাজি ও জীববৈচিত্র্যের সমাহার। ওই পাহাড়ের প্রায় ৬০ ফুট উঁচু একটি টিলা কেটে ফেলা হয়েছে। তিন বছর ধরে টিলার প্রায় এক কিলোমিটার এলাকার মাটি কাটা হচ্ছে।
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের ধনমূড়া ও চৌধুরীখলা এলাকায় ওই টিলার অবস্থান।
১৮ জানুয়ারি সরেজমিনে দেখা যায়, ধনমূড়া থেকে চৌধুরীখলা পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকার সুউচ্চ টিলা কেটে ফেলা হয়েছে। সেখানকার বিভিন্ন অংশে মাটির স্তূপ। টিলার চৌধুরীখলা অংশ সমতল ভূমিতে পরিণত হয়েছে। এর মধ্যে আনারস ও কলাগাছ লাগানো হয়েছে। এক কিশোরকে সেসব গাছে পানি দিতে দেখা গেছে। ওই কিশোর বলে, রাতে টিলা কাটা হয়। রাতেই ট্রাক্টরে করে মাটি নেওয়া হয়। ধনমূড়া এলাকায় টিলা কাটার পর সমতল ভূমিও কাটার চিহ্ন পাওয়া গেছে। এভাবে পাহাড়ের গহিন বন উজাড় হয়েছে। মেহগনি, গামারি, তাল প্রভৃতি গাছ কেটে সাবাড় করা হয়েছে। কিছু গাছ ও কাঠের গুঁড়ি এলোমেলো অবস্থায় সেখানে পড়ে আছে।
স্থানীয় চারজন বলেন, সন্ধ্যা সাতটা থেকে ভোর চারটা পর্যন্ত ট্রাক ও ট্রাক্টরের শব্দে ঘুমানো যাচ্ছে না। রাতের বেলায় টিলা কাটা হচ্ছে। চৌধুরীখলা এলাকার আলী আশরাফ, তাঁর ছেলে মনির হোসেন, কিসমত গ্রামের একজন ও মধ্যম বিজয়পুর গ্রামের আরেকজন টিলার মাটি বিক্রির সঙ্গে জড়িত। এ টিলার মালিক চৌধুরীখলা গ্রামের আলী আশরাফ। তিনি ও তাঁর ছেলে পাশের জামিলা নাহারের টিলার মাটিও কেটে বিক্রি করছেন বলে স্থানীয় ব্যক্তিরা অভিযোগ করেন।
জানতে চাইলে আলী আশরাফ প্রথম আলোকে বলেন, তিন বছর ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার লেনের কাজের জন্য এখান থেকে মাটি নেওয়া হচ্ছে। কর্তৃপক্ষের অনুমোদন নিয়েই টিলা কেটে মাটি বিক্রি করা হচ্ছে।
পাহাড়ে বসবাসরত পাঁচজন বলেন, আশির দশক থেকে লালমাই পাহাড়ের সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ও বারপাড়া ইউনিয়নে মাটি কাটা শুরু হয়। শত শত টিলা গত ৩৪ বছরে কেটে সমতল ভূমিতে পরিণত করা হয়। কোটবাড়ী থেকে চণ্ডীমুড়া পর্যন্ত প্রায় ২২ কিলোমিটার এলাকার বিস্তীর্ণ লালমাই পাহাড়ের বিভিন্ন অংশের মাটি অবাধে বিক্রি করা হয়। এর আগে লালমাই পাহাড়ের রাজারখলা, বড় ধর্মপুর, রতনপুর, চৌধুরীখলা, সালমানপুর ও ধনমূড়ার উত্তর অংশের পাহাড় কাটা হয়।
বিজয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুর রব জিলানী বলেন, লালমাই পাহাড় থেকে কোটি কোটি টাকার মাটি বিক্রি হচ্ছে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলতে রাজি হননি।
সদর দক্ষিণ উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) মো. মিনহাজুর রহমান বলেন, ‘আমি আসার পর টিলা কাটার অভিযোগে এক ব্যক্তিকে ট্রাক্টরসহ আটক করে ১০ মাসের সাজা দিয়েছি। আরেকজনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছি। ধনমূড়া ও চৌধুরীখলা এলাকায় ১৭ জানুয়ারি দুপুরে গিয়ে কাউকে পাওয়া যায়নি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
পরিবেশ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক ছামছুল আলম বলেন, ‘প্রাকৃতিক পরিবেশ নষ্ট করে টিলা কাটার কোনো সুযোগ নেই। বিষয়টি আমি খতিয়ে দেখছি।’
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত পাল বলেন, গত দেড় বছরে পাহাড় কাটার মূল হোতা রাজারখলার কামাল হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আরও কয়েকজনের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিয়েছে প্রশাসন। পরিবেশ অধিদপ্তরকে এ বিষয়ে সবার আগে ব্যবস্থা নিতে হবে।