লালমাটিয়া, উত্তরায় হাসপাতালসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাসিক ভবনে অবৈধভাবে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার দায়ে লালমাটিয়ার একটি চক্ষু হাসপাতাল ও উত্তরার দুটি প্রতিষ্ঠানকে সাড়ে ছয় লাখ টাকা জরিমানা করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার রাজউকের দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আলাদাভাবে এই অভিযান পরিচালিত হয়।
লালমাটিয়ার সাতমসজিদ রোডের একটি ভবনে আল নূর চক্ষু হাসপাতালের কার্যক্রম চলছিল। তবে হাসপাতাল কর্তৃপক্ষ ভবনের নকশা ও বাণিজ্যিক কার্যক্রম পরিচালনায় অনুমোদনের কোনো কাগজপত্র ভ্রাম্যমাণ আদালতকে দেখাতে পারেনি। এ ছাড়া ভবনটির গাড়ি রাখার জায়গায় হাসপাতালের অভ্যর্থনাকক্ষ ও রোগীদের বসার জায়গা করা হয়েছিল। ভবনের পাশের খালি জায়গায় বসানো হয়েছিল চশমার দোকান।
ইমারত নির্মাণ বিধিমালা ভঙ্গের দায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষকে দুই লাখ টাকা জরিমানা করেন। একই সঙ্গে ভবনের অবৈধ অংশ তিন দিনের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।
এর আগে লালমাটিয়া এফ ব্লকের একটি বাড়ির নিচতলায় গাড়ি রাখার জায়গায় এবং ভবনের সামনে খালি জায়গা ও ফুটপাতের ওপর বানানো দুটি রেস্তোরাঁ গুঁড়িয়ে দেন ভ্রাম্যমাণ আদালত। ডি ব্লকের একটি বাড়ির গাড়িবারান্দায় গড়ে তোলা স্থাপনা ভেঙে দেওয়া হয়।
একই দিনে উত্তরা ১১ নম্বর সেক্টরের গরিবে নেওয়াজ অ্যাভিনিউয়ে পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার জাকির হোসেন। ওই সড়কের ৩০ নম্বর বাড়ির নিচতলায় অবস্থিত টপ টেন টেইলার্সকে আড়াই লাখ টাকা এবং দোতলা একটি ব্যাংককে ভাড়া দেওয়ার জন্য ভবনমালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
জাকির হোসেন বলেন, টপ টেন টেইলার্সকে জরিমানা করা হয়েছে আবাসিক ভবনে বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থাপনে অবস্থান কেনার জন্য।
এ ছাড়া অভিযানে একই সড়কের একটি ভবনের নিচে গাড়ি রাখার জায়গায় গড়ে ওঠা একটি ইলেকট্রনিক পণ্যের শোরুম এবং অন্য একটি ভবনের নিচতলায় নির্মাণাধীন আরেকটি শোরুম ভেঙে দেওয়া হয়।