লালমোহনে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার লালমোহন উপজেলায় গত বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সাংসদ নুরুন্নবী চৌধুরী ফাউন্ডেশনের কার্যালয়সহ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ধলীগৌরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য হেদায়েত ইসলাম ওরফে মিন্টু চেয়ারম্যান। আগামী ইউপি নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরীর (শাওন) ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচিত হুমায়ুন মিয়া। এ নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। এতে দুই পক্ষের মধ্যে মাঝেমধ্যে সংঘর্ষ হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে কটূক্তি করায় ইউনিয়নের মঙ্গল শিকদার বাজারে হুমায়ুনের সমর্থক ছাত্রলীগের কর্মী আসিফকে মারধর করেন হেদায়েতের সমর্থক সোহাগ।
এর জের ধরে রাত আটটার দিকে হুমায়ুনের সমর্থক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মান্নান মৃধার নেতৃত্বে কয়েক শ নেতা-কর্মী লাঠিসোঁটা নিয়ে হেদায়েত ইসলামের লোকজনকে ধাওয়া করে মারধর করেন ও চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয় ভাঙচুর করেন। পরে রাত নয়টার দিকে হেদায়েত, তাঁর ভাই ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর ও সোহাগের নেতৃত্বে কয়েক শ লোক মঙ্গল শিকদার বাজারে গিয়ে হামলা চালান। এতে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এতে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হন।
এ সময় হেদায়েতের লোকজন আওয়ামী লীগ, ছাত্রলীগ, সাংসদ নুরুন্নবী চৌধুরী ফাউন্ডেশন কার্যালয়সহ একাধিক ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করেন।
মান্নান মৃধা বলেন, ‘হেদায়েত বিএনপির কাঁধে ভর দিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগ কার্যালয়ে হামলা করে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী, সজীব ওয়াজেদ জয় ও সাংসদের ছবিসহ আসবাব ভাঙচুর করেছেন। এ ছাড়া ছাত্রলীগের কর্মীদের পিটিয়ে জখম করেছেন। আমরা এ ঘটনার বিচার চাই।’ তবে ইউপি চেয়ারম্যান হেদায়েত বলেন, ‘হুমায়ুনের লোকজন প্রথমে হামলা করে আমার কর্মীদের আহত করেছেন। আমরাও এর বিচার চাই।’
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সাংসদ নুরুন্নবী চৌধুরী বিষয়টি সমঝোতা করবেন বলে আশ্বাস দিয়েছেন।