লালমোহনে ঈদ ভিজিএফের চাল বিতরণে অনিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়ন পরিষদে (ইউপি) ঈদুল আজহার ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার যাঁরা চাল পেয়েছেন, তাঁরা ১০ কেজির স্থলে চার-পাঁচ কেজির বেশি চাল পাননি বলে অভিযোগ করেছেন। অনেকে চাল না পেয়ে ফিরেও গেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক রমাগঞ্জ ইউনিয়নের ৫৫ দুস্থ ও অসহায়ের ভাষ্য—কথা ছিল ১০ কেজি করে চাল দেবে। কিন্তু চাল দেওয়া হয়েছে চার-পাঁচ কেজি করে। এতে তাঁদের পরিষদে যাতায়াতের খরচও ওঠেনি। অনেকে আবার চাল না পেয়ে ফিরে গেছেন। আক্ষেপ করে মিনা রানী নামের এক নারী বলেন, এমন হবে জানলে চাল নিতে আসতেন না তিনি।

একই ইউনিয়নের ফজলুল হক, আবদুল খালেক, রফিকসহ সাত-আটজন দিনমজুর বলেন, অন্যের কাজ করে দিনে ৪০০-৫০০ টাকা আয় করেন। ওই কাজে না গিয়ে সকালে চাল নিতে এসে দুপুরের পরে পাঁচ কেজি করে পেয়েছেন। তাঁরা বলেন, গরিবদের চাল কম দিয়ে নেতারা বস্তায় ভরে চাল ভাগ করে নিয়েছেন।

তবে ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাবুলসহ তিন-চারজন জনপ্রতিনিধি অভিযোগ অস্বীকার করে বলেন, ইউনিয়নে ১ হাজার ৬৫০ জনের নামে চাল এসেছে। কিন্তু গরিব লোকের সংখ্যা কয়েক হাজার। তাই চার-পাঁচ কেজি করে চাল দেওয়া হয়েছে।

রমাগঞ্জ ইউপির চেয়ারম্যান মোস্তফা মিয়া প্রথম আলোকে বলেন, ‘সরকারের নিয়ম অনুযায়ী চাল দেওয়ার কথা ১০ কেজি করে। কিন্তু ছয়-সাত কেজির বেশি দেওয়া সম্ভব না। তারপরও আট কেজি দিয়েছি।’ কেন ছয়-সাত কেজির বেশি দেওয়া যায় না, জানতে চাইলে চেয়ারম্যান বলেন, ‘গুদাম-ঘাটতি আর এদিকে-ওদিকে খরচ দিতে হয়।’

গুদাম ঘাটতি কী? জানতে চাইলে লালমোহন উপজেলা খাদ্যগুদামের কর্মকর্তা নুরুল্লাহ বলেন, গুদাম-ঘাটতি বলে কিছু নেই। গুদাম থেকে ইউপিতে চাল নিতে চেয়ারম্যানদের প্রতি টনে ৭০০-৮০০ টাকা করে খরচ হয়। ওই খরচ ওঠানোর জন্য চেয়ারম্যানরা কিছু চাল বিক্রি করেন। আর সেটারই নাম দিয়েছেন তাঁরা গুদাম-ঘাটতি।

সরকার চাল পরিবহনের খরচ দেয় কি না জানতে চাইলে নুরুল্লাহ বলেন, সরকার খরচ দেয়। তবে কত দেয়, তা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বলতে পারবেন।

পিআইও অপূর্ব দাস বলেন, টনপ্রতি ২৩০ টাকা ধার্য। চেয়ারম্যানকে ওই টাকার ৬০ শতাংশ দেওয়া হয়। বাকি ৪০ শতাংশ বিক্রি করে নিতে হয়। তারপরও জুন ক্লোজিংয়ে টাকাটা পাওয়া যায়।