লালমোহনে কলেজছাত্রী ধর্ষণের শিকার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার লালমোহন উপজেলায় এক কলেজছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি সদর হাসপাতালে গাইনি বিভাগে চিকিৎসাধীন। বাড়ি উপজেলার একটি গ্রামে।
স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির ওই ছাত্রীর (১৯) অভিযোগ, গত মঙ্গলবার রাতে একই গ্রামের কলেজছাত্র (২৮) ঘরে এসে তাঁকে ধর্ষণ করেন। এ সময় তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে ওই ছাত্রকে আটক করেন। বরিশালের একটি কলেজে স্নাতকোত্তরের ওই ছাত্র পড়াশোনার পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। খবর পেয়ে পরদিন বুধবার ১০টার দিকে দুজনকেই লালমোহন থানায় নিয়ে যায়। পরে তাঁদের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নেওয়া হয়। সব কিছু শুনে মামলার পরামর্শ দিয়ে দুজনকেই ছেড়ে দেওয়া হয়। পরদিন বৃহস্পতিবার রাতে তিনি সদর হাসপাতালে ভর্তি হন।
গতকাল শুক্রবার জানতে চাইলে সিভিল সার্জন রথীন্দ্রনাথ মজুমদার ও কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা আব্দুস সামাদ বলেন, রাত নয়টার দিকে ওই ছাত্রী পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। প্রথমে পুলিশে লিখিতভাবে অবহিত করে তাঁকে গাইনি বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা চলছে। ইতিমধ্যে তাঁর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
ছাত্রীর মায়ের অভিযোগ, পুলিশ ওই ছাত্রের পরিবারের কাছ থেকে এক লাখ টাকা ঘুষ খেয়েছে। এ কারণে থানায় মামলা না নিয়ে ঘটনা চেপে যেতে বলেছে। তা ছাড়া ওই ছাত্রকে লোকজন আটক করে দিলেও টাকার বিনিময়ে ছেড়ে দিয়েছে।
তবে এ অভিযোগ অস্বীকার করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, ধারণা করা হচ্ছে, ওই ছাত্রের সঙ্গে ছাত্রীটির আগে থেকে সম্পর্ক ছিল। প্রায়ই তাঁরা দেখা করতেন। গত মঙ্গলবার রাতে গ্রামবাসী ছেলেটিকে ধরে মারধর করে আটকে রেখেছিল। পরে পুলিশ উদ্ধার করে ইউএনওর কাছে নিয়ে যায়। ইউএনও তাঁদের কথাবার্তা শুনে ছেড়ে দেন। মেয়েপক্ষ থানায় মামলা দিতে আসেনি। এলে অবশ্যই মামলা নেওয়া হবে।
ইউএনও শামছুল আরিফ বলেন, ‘মেয়ের পরিবার ও গ্রামবাসী ছেলেমেয়ের বিয়ে দেওয়ার দাবি করেছিল। কিন্তু দুই পক্ষের কথাবার্তা শুনে দেখলাম, ঘটনাটি ফৌজদারি অপরাধ। এ বিয়ে দেওয়ার সামর্থ্য ভ্রাম্যমাণ আদালতের নেই। তাই মেয়ের পরিবারকে থানায় অথবা আদালতে মামলা করতে বলেছি।’