পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার কচা নদী থেকে গত বৃহস্পতিবার বিকেলে দিদারুল আলম (৩৫) নামে জাহাজের এক কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার দুপুরে তিনি একটি জাহাজ থেকে কচা নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন। দিদারুল আলমের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। পুলিশ সূত্রে জানা গেছে, জাহাজটি সিলেট থেকে সিমেন্ট নিয়ে যশোর যাচ্ছিল। গত বুধবার বেলা দুইটার দিকে জাহাজ থেকে দিদারুল আলম কচা নদীতে পড়ে যান। ওই দিন অনেক খোঁজাখুঁজির পর তাঁকে না পেয়ে জাহাজের মাস্টার সরোয়ার হোসেন বাদী হয়ে ভান্ডারিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। বৃহস্পতিবার বিকেলে কচা নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, গতকাল শুক্রবার নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।