লাশ উদ্ধারের এক বছর পর হত্যা মামলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের কাউনিয়া উপজেলার গনাই গ্রামে এক বছর আগে অজ্ঞাতনামা এক তরুণের লাশ উদ্ধার হয়। তখন থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছিল। কিন্তু এক বছর পর ময়নাতদন্ত প্রতিবেদনে ওই তরুণকে হত্যার কথা উল্লেখ করেন চিকিৎসক। এরপর গতকাল শুক্রবার রাতে থানায় হত্যা মামলা করা হয়। কিন্তু আজ পর্যন্ত পুলিশ ওই তরুণের পরিচয় উদ্‌ঘাটন করতে পারেনি।

কাউনিয়া থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৭ অক্টোবর তিস্তা নদী দিয়ে ভেসে আসা আনুমানিক ১৮ থেকে ২০ বছর বয়সের অজ্ঞাত এক তরুণের লাশ গনাই গ্রামের চরে আটকে পড়ে। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধারের পর কাউনিয়া থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা করে। এরপর লাশের ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এক বছর পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক রেজাউল করিম ওই তরুণকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে মর্মে প্রতিবেদন দেন।

মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ফয়জার রহমান বলেন, নদী থেকে উদ্ধারের সময় লাশটিতে পচন ধরেছিল। এ কারণে পরিচয় শনাক্ত করা যায়নি। অজ্ঞাত ওই তরুণের পরনে গ্যাবাডিনের ফুলপ্যান্ট ও বেগুনি রঙের হাফহাতা গেঞ্জি ছিল। ওই সময় সারা দেশের সব থানায় বেতার বার্তা পাঠানো হলেও পরিচয় পাওয়া যায়নি।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন-অর-রশিদ বলেন, এক বছর আগে লাশ উদ্ধারের পর থানায় ইউডি মামলা হয়েছিল। এখন ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর শুক্রবার হত্যা মামলা করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত ও হত্যার রহস্য উদ্‌ঘাটনে চেষ্টা চলছে।