লাশ উদ্ধারের ১১ দিনেও মামলা নিল না পুলিশ
* ৯ আগস্ট শিশুটির লাশ উদ্ধার করা হয়
* সুরতহাল প্রতিবেদনে লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই বলে উল্লেখ করায় ময়নাতদন্ত করতে অনীহা প্রকাশ করে হাসপাতাল কর্তৃপক্ষ
*নিহত শিশুটির পরিবার না মানায় লাশ মর্গে পড়ে থাকে ৩ িদন
হবিগঞ্জের বাহুবল উপজেলায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নাঈমা আক্তারের (৯) লাশ উদ্ধারের ১১ দিন পরও পুলিশ মামলা নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এর আগে মর্গেও তিন দিন পড়ে ছিল শিশুটির লাশ। নিহত শিশুটির পরিবারের দাবি, হত্যাকাণ্ডের শিকার হওয়া শিশুটির লাশের সুরতহাল ও ময়নাতদন্ত নিয়ে পুলিশ ও চিকিৎসকেরা হয়রানি করছেন তাদের। পুলিশ ও চিকিৎসকদের এই আচরণের প্রতিবাদে গতকাল সোমবার মানববন্ধন ও প্রতিবাদ সভা করে এলাকাবাসী।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার সোয়াইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী নাঈমা আক্তার ৯ আগস্ট বেলা তিনটায় বাড়ি থেকে নিখোঁজ হয়। ওই দিনই সন্ধ্যার আগে বাড়ির পাশের একটি জলাশয়ে তার লাশ ভাসতে দেখে এলাকাবাসী। পরে খবর পেয়ে বাহুবল থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। নাঈমা আক্তার সোয়াইয়া গ্রামের কৃষক ফরিদ মিয়ার মেয়ে।
ঘটনার পরদিন ১০ আগস্ট পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর জেলা আধুনিক হাসপাতালে পাঠায়। সুরতহাল প্রতিবেদনে লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই বলে উল্লেখ করায় ময়নাতদন্ত করতে অনীহা প্রকাশ করে হাসপাতাল কর্তৃপক্ষ। নিহত শিশুটির পরিবারের দাবি, লাশের গলা ও পেটে আঘাতের চিহ্ন থাকা সত্ত্বেও পুলিশ সুরতহাল প্রতিবেদনে তা উল্লেখ করেনি। এ নিয়ে টানাহেঁচড়ায় লাশটি মর্গে পড়ে থাকে তিন দিন। পরে সিভিল সার্জন সুচিন্ত চৌধুরীর হস্তক্ষেপে ১২ আগস্ট পাঁচ সদস্যের চিকিৎসক দল শিশু নাঈমার লাশের ময়নাতদন্ত করে।
নাঈমার বাবা ফরিদ মিয়া গতকাল রোববার বলেন, ‘আমার মেয়েকে হত্যা করা হয়েছে। পুলিশ প্রথমে ঠিকভাবে সুরতহাল করেনি। পরে চিকিৎসকেরা ময়নাতদন্ত করতে টালবাহানা শুরু করেন। এখন পুলিশ মামলা নিতে গড়িমসি করছে। আমার মেয়ের পঁচা-গলা লাশ আমার হাতে তুলে দেওয়া হয় ১৪ আগস্ট। পরদিন বাহুবল থানায় এজাহার নিয়ে গেলে পুলিশ এজাহার পরিবর্তনের কথা বলে আমাকে ফিরিয়ে দেয়। পরে এজাহার পরিবর্তন করে নিলেও মামলা নেয়নি।’ পুলিশের টালবাহানায় শিশুকে হত্যার ১১ দিন পরও মামলা হয়নি বলে অভিযোগ করেন ফরিদ মিয়া।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক বলেন, মামলা না নেওয়ার কোনো কারণ নেই। নাঈমার বাবাকে বলে দেওয়া হয়েছে সুরতহাল প্রতিবেদনের সঙ্গে সংগতি রেখে এজাহার দিতে। সেভাবে এজাহার নিয়ে এলে অবশ্যই মামলা হবে। লাশে আঘাতের চিহ্ন থাকা সত্ত্বেও সুরতহাল প্রতিবেদনে তা উল্লেখ করা হয়নি কেন জানতে চাইলে তিনি দাবি করেন, লাশে কোনো আঘাতের চিহ্ন তাঁরা পাননি।
এদিকে শিশুটির লাশ নিয়ে এ টানাপোড়নে ক্ষুব্ধ এলাকাবাসী উপজেলার সোয়াইয়া বাজারে গতকাল সোমবার এ মানববন্ধন করেছে। এতে নিহত শিক্ষকের স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, পরিবারের সদস্য ও এলাকাবাসী অংশ নেন। বক্তারা বলেন, হত্যাকাণ্ডের ১১ দিন পরও পুলিশ মামলা না নিয়ে নিহতের পরিবারকে হয়রানি করছে। এ সময় বক্তব্য দেন সোয়াইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্তা রানী দেব, নিহত শিশুর বাবা ফরিদ মিয়া, আরজু মিয়া, রফিক আলী প্রমুখ।