লাশ কফিনে তোলার সময় মিলল গাঁজা

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা যাওয়া এক ব্যক্তির লাশ নেওয়ার জন্য আনা কফিন বাক্স থেকে ২১ পোঁটলা গাঁজা উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোরে হাসপাতালের করোনা ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
ওই হাসপাতাল সূত্র জানায়, শনিবার রাত তিনটার দিকে হাসপাতালের করোনা ওয়ার্ডে কোভিড-১৯ রোগের উপসর্গ নিয়ে এক রোগী মারা যান। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ওই রোগী ১৭ জুলাই কোভিড-১৯ রোগের উপসর্গ নিয়ে এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
রোববার ভোরে আনুষ্ঠানিকতা শেষে লাশ বহনের জন্য একটি কফিন বাক্স কিনে আনা হয়। কফিনে লাশ তোলার সময় সেখানে কাগজে মোড়ানো বড় পোঁটলা দেখতে পান অ্যাম্বুলেন্সের চালক। পরে ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানানো হলে বরিশাল কোতোয়ালি মডেল থানার পুলিশ এসে এসব গাঁজা জব্দ করে। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম আজাদ জানান, নিয়ম অনুযায়ী কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে বা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের লাশ হাসপাতাল থেকে নিতে হলে কফিন আনা বাধ্যতামূলক করা হয়েছে। এ কারণে ওই ব্যক্তির মৃতদেহ বহনের জন্য একটি কাঠের তৈরি কফিন বাক্স বাইরে থেকে কিনে আনেন স্বজনেরা।
বেসরকারি অ্যাম্বুলেন্সের চালক মো. লিটন জানান, কফিনে মৃতদেহ প্রবেশ করানোর ঠিক আগমুহূর্তে কফিন বাক্সের ভেতরে কাগজে মোড়ানো কিছু বস্তু চোখে পড়ে। তখন মৃত ব্যক্তির ছেলে সোহাগ মিয়া ওগুলো ময়লা–আবর্জনা বলে ছুড়ে ফেলে দেন। সন্দেহ হওয়ায় তাৎক্ষণিক ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি জানানো হলে বরিশাল কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমানের একটি দল ঘটনাস্থলে পৌঁছে কাগজে মোড়ানো প্যাকেট থেকে ২১ পোঁটলা গাঁজা জব্দ করে। এ সময় পুলিশ সোহাগ ও করোনা ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত এক নৈশপ্রহরীকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়।
কোতোয়ালি থানার ওসি নুরুল ইসলাম আরও বলেন, ‘মূলত ওই কফিন বাক্সটি বাইরে থেকে কিনে আনা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো মাদক বিক্রেতা চক্র কফিন বিক্রির দোকানের সামনে রাখা এসব বাক্সে গাঁজা রেখে খুচরা ক্রেতাদের কাছে বিক্রি করতেন। তবে পুরো বিষয়টি আমরা অনুসন্ধান করে দেখছি।’