লাশ দেখতে গিয়ে খুন হলেন ব্যবসায়ী
পরিচিত এক ব্যক্তির লাশ দেখতে গিয়ে ছুরিকাঘাতে খুন হয়েছেন চট্টগ্রামের এক আবাসন ব্যবসায়ী। গতকাল বুধবার রাত একটার দিকে বাকলিয়ার হাটখোলা এলাকায় একটি বাসায় এ ঘটনা ঘটে। নিহত আফতাব উদ্দিন আল কাদেরী (৩৫) ওয়ান প্রপার্টিজ নামের আবাসন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক।
পুলিশ জানায়, পূর্ববিরোধের জের ধরে আফতাব উদ্দিনকে খুন করা হয়েছে। তাঁর বাড়ি নগরের বাকলিয়ার মিয়াখান এলাকায়।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, নগরের মিয়াখান নগর এলাকায় সৈয়দুর রহমান নামের এক ব্যক্তির জায়গায় ভবন নির্মাণের জন্য চুক্তিবদ্ধ হয় ওয়ান প্রপার্টিজ। ভবন নির্মাণকাজ শুরু হলেও আফতাব উদ্দিনের সঙ্গে সৈয়দুর রহমানের নানা বিষয় নিয়ে মতবিরোধ দেখা দেয়। ছয় মাস ধরে তাদের মধ্যে সমস্যা চলছিল। গত বুধবার রাতে সৈয়দুর রহমান (৬৫) অসুস্থ অবস্থায় মারা যান।
ওসি জানান, সৈয়দুর রহমানের মৃত্যুর খবর শুনে বুধবার দিবাগত রাত একটার দিকে হাটখোলা এলাকার বাসায় লাশ দেখতে যান আফতাব উদ্দিন। লাশ দেখার পর ওই বাসায় কিছু সময় ছিলেন আফতাব উদ্দিন। এ সময় হঠাৎ সৈয়দুর রহমানের ছোট ছেলে সাইদুর রহমান ছুরিকাঘাত করেন আফতাবকে। গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, হত্যার ঘটনায় নিহত আফতাবের ভাই রোকন উদ্দিন আল কাদেরী বাদী হয়ে সাইদুর রহমানসহ ১১ জনকে আসামি করে গতকাল হত্যা মামলা করেছেন। সাইদুরকে আটকের চেষ্টা চলছে।
হত্যাকাণ্ডের বিষয়ে রোকন উদ্দিন জানান, মানবতাবোধ থাকলে কেউ লাশ দেখতে যাওয়া ব্যক্তিকে খুন করতে পারে না। পরিকল্পিতভাবে তাঁর ভাইকে খুন করা হয়েছে বলে তিনি দাবি করেন।
তবে এ বিষয়ে সাইদুরের পরিবারের কারও বক্তব্য পাওয়া যায়নি।