লাশ নিয়ে বিক্ষোভ এলাকাবাসীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে ন্যাম গার্ডেনের এক সরকারি কর্মকর্তার বাসায় ধর্ষণের পর মোসাম্মৎ জনিয়া (১৫) নামের গৃহকর্মীকে ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার ওই সরকারি কর্মকর্তা ও তাঁর ছেলের বিরুদ্ধে ওই গৃহকর্মীর বাবা কাফরুল থানায় লিখিত অভিযোগ করেছেন।
হত্যাকারীদের ফাঁসির দাবিতে গতকাল পরিবার ও এলাকাবাসী জনিয়ার লাশ নিয়ে বিক্ষোভ করে। তারা মিরপুরের কাজীপাড়া থেকে ১০ নম্বর গোলচত্বর পর্যন্ত এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।
গত রোববার কাফরুলের সেনপাড়ার বাসা থেকে জনিয়া ন্যাম গার্ডেনের ৩ নম্বর ভবনের ৪০৩ বি-ফ্ল্যাটে কাজ করতে যায়। বাসাটি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের পরিচালক (যুগ্ম সচিব পদমর্যাদা) আহসান হাবিবের। পরে সকাল সাড়ে ১০টার দিকে কাফরুল থানার পুলিশ জনিয়ার মাকে খবর দিয়ে ন্যাম গার্ডেনে আসতে বলে। সেখানে গিয়ে জনিয়ার মা দেখেন, তিন নম্বর ভবনের নিচে ওড়নায় মুখ বাঁধা অবস্থায় মেয়ের রক্তাক্ত লাশ পড়ে আছে।
সুরতহাল প্রতিবেদনে বলা হয়েছে, জনিয়ার নাকে রক্ত, ডান হাতের কনুই থেঁতলানো এবং দুই পায়ের হাঁটুতে কালো জখম ছিল।
পরে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
জনিয়ার পরিবারের অভিযোগ, ওই সরকারি কর্মকর্তার ছেলে জনিয়াকে ধর্ষণের পর ছাদ থেকে ফেলে হত্যা করেছেন।
গতকাল রাতে আহসান হাবিব নামে ওই সরকারি কর্মকর্তার সঙ্গে কথা বলার জন্য যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। পরে খুদে বার্তা পাঠালেও তিনি সাড়া দেননি।
জনিয়ার মা ফুলবানু বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করেন। তার বাবা উসমান গনি রিকশা চালান। তাঁদের বাড়ি কিশোরগঞ্জের ইটনায়। রাজধানীর কাফরুল থানার সেনপাড়ায় থাকেন তাঁরা। পাঁচ মেয়ে ও এক ছেলের মধ্যে জনিয়া ছিল দ্বিতীয়।
গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে জনিয়ার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্ত-সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, এতে হাত-পা ভাঙাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। মেয়েটি ধর্ষিত হয়েছে কি না, তা পরীক্ষার জন্য মহাখালীর রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে। সেখান থেকে প্রতিবেদন পাওয়া গেলে দুই প্রতিবেদন মিলিয়ে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ময়নাতদন্ত শেষে জনিয়ার লাশ গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরপর সকাল ১০টার দিকে জনিয়ার পরিবার ও এলাকাবাসী লাশ নিয়ে মিছিল বের করে। তারা মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে কাজীপাড়া পর্যন্ত রোকেয়া সরণি এক ঘণ্টা অবরোধ করে রাখে। এ সময় ওই সড়কের দুদিকসহ আশপাশের সড়কগুলোতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অবরোধকারীরা সরকারি কর্মকর্তা ও তাঁর ছেলের ফাঁসির দাবিতে বিক্ষোভ করে। পুলিশ ন্যায়বিচারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। এরপর লাশ নিয়ে মিছিল করে তারা ন্যাম গার্ডেনের দিকে যায়। কিন্তু ন্যাম গার্ডেনের মূল ফটক ভেতর থেকে আটকে দেওয়া হয়। তখন বিক্ষুব্ধ লোকজনের একটি অংশ জনিয়ার লাশ নিয়ে বেলা ১১টার দিকে কাফরুল থানার সামনে বিক্ষোভ করতে থাকে।
বেলা পৌনে একটার দিকে বিক্ষোভকারীরা জনিয়ার লাশ নিয়ে আবারও ন্যাম গার্ডেনের সামনে জড়ো হয়। সেখানে পুলিশের পিকআপ ভ্যানে করে কাফরুল থানায় আনা হয় জনিয়ার বাবা উসমানকে। বেলা পৌনে দুইটার দিকে লিখিত অভিযোগ দিয়ে থানা থেকে বের হয়ে আসেন উসমান। তিনি প্রথম আলোকে বলেন, ‘সচিব আহসান হাবিব, তাঁর স্ত্রী নাজনীন আক্তার ও তাঁদের ছেলে রুম্মান বিন আহসানের বিরুদ্ধে জনিয়াকে হত্যার অভিযোগ করা হয়েছে।’
জনিয়ার মা ফুলবানু বলেন, বছর খানেক ধরে মাসিক আড়াই হাজার টাকা বেতনে ন্যাম গার্ডেনের ওই সরকারি কর্মকর্তার বাসায় কাজ করতেন তিনি। কিন্তু অসুস্থতার কারণে ১৫ দিন ধরে তাঁর বদলি হিসেবে জনিয়া কাজে যাচ্ছিল।
জনিয়ার বাবা উসমান দাবি করেন, রোববার সারা দিন হত্যা মামলা নেওয়ার জন্য পুলিশের কাছে কান্নাকাটি করেছেন তাঁরা। কিন্তু পুলিশ মামলা নেয়নি।
এ ব্যাপারে পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মাসুদ আহমদ খান প্রথম আলোকে বলেন, পুলিশ ন্যাম গার্ডেনের চার কর্মচারী সিদ্দিকুর রহমান, এমদাদুল হক, রিয়াজুল হক ও সোহেল রানাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে। গতকাল জনিয়ার বাবা যে লিখিত অভিযোগ দিয়েছেন, তা রোববার করা অপমৃত্যুর মামলার সঙ্গে তদন্ত করা হচ্ছে। এখন ময়নাতদন্ত প্রতিবেদনে হত্যার আলামত মিললে অপমৃত্যু মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে।
এদিকে গতকাল ন্যাম গার্ডেনের মূল ফটক ভেতর থেকে বন্ধ রাখা হয়। সেখানে নিরাপত্তাকর্মীরা না থাকায় গণমাধ্যমকর্মীরাও ভেতরে যেতে পারেননি।