লাশ নিয়ে মহাসড়কে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরে নিহত যুবলীগের নেতা রফিকুল ইসলামের লাশ নিয়ে গতকাল শনিবার বিক্ষোভ করেছেন নেতা-কর্মীরা। তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওপর লাশ রেখে অবরোধ করেন। এতে বেশ কিছু সময় ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে সমাবেশ করে আজ রোববার উপজেলায় আধা বেলা হরতাল আহ্বান করা হয়েছে।

রফিকুল হত্যায় জড়িত থাকার অভিযোগে পুলিশ গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে। এঁরা হলেন কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. হোসেন আলী, সুজন মিয়া ও মো. সোহেল।

রফিকুল ইসলাম
রফিকুল ইসলাম
‘দলীয় অভ্যন্তরীণ কোন্দলেই রফিকুল ইসলাম খুন হয়েছেন বলে ধারণা করা হচ্ছে’

গত শুক্রবার বিকেলে কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের উদ্যোগে চন্দ্রা এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সভা চলার সময় কিছু দূরে চায়ের দোকানে বসে থাকা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়।
শুক্রবার রাতেই পুলিশ রফিকুলের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে লাশ নিয়ে আসা হয় কালিয়াকৈরের টেংরাবাড়ী এলাকায় বাড়ির সামনে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন শত শত দলীয় নেতা-কর্মী। দুপুর ১২টায় লাশ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রেখে অবরোধ সৃষ্টি করেন নেতা-কর্মীরা। প্রায় ২০ মিনিট পর পুলিশ তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এরপর নেতা-কর্মীরা লাশ নিয়ে কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল করেন। পরে কালিয়াকৈর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে প্রতিবাদ সমাবেশ করা হয়। সমাবেশে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। হত্যার প্রতিবাদে এবং খুনিদের গ্রেপ্তারের দাবিতে উপজেলায় আজ রোববার সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল আহ্বান করা হয়।
কালিয়াকৈর যুবলীগের সভাপতি মো. হিরু মিয়া প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের সব অঙ্গসংগঠনের পক্ষ থেকে হরতাল ডাকা হয়েছে। এ ছাড়া হরতাল শেষে দলের বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে পরবর্তী কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
হত্যাকাণ্ডের বিষয়ে জানতে চাইলে হিরু মিয়া বলেন, ‘দলীয় অভ্যন্তরীণ কোন্দলেই রফিকুল ইসলাম খুন হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।’
নিহত রফিকুল ইসলামের ছেলে তারেক ইসলাম বলেন, তাঁর বাবার ব্যক্তিগত কোনো শত্রু নেই। তবে রাজনীতি নিয়ে উপজেলা ও পৌর আওয়ামী লীগের দুই নেতার সঙ্গে বিরোধ ছিল। তাঁদের নির্দেশেই তাঁকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তারেক।
প্রতিবাদ সমাবেশ শেষে লাশ নিয়ে যাওয়া হয় কালিয়াকৈর গোলাম নবী মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে। সেখানে বেলা দুইটার দিকে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে সেখানে বক্তব্য দেন স্থানীয় সাংসদ ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান ও কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম প্রমুখ। পরে তাপাইড় এলাকায় পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।
কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মান্নান শরীফ প্রথম আলোকে বলেন, ‘দলের অভ্যন্তরীণ কোন্দলের জেরেই রফিকুলকে হত্যা করা হয়েছে।’
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক প্রথম আলোকে বলেন, ‘হত্যাকাণ্ডের ক্লু (সূত্র) পাওয়া গেছে। জড়িত ব্যক্তিদেরও চিহ্নিত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।’