লাশ পরিবহনে আবারও অমর্যাদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিকশায় যাত্রীর আসনে সাদা কাপড়ে ঢেকে রাখা হয়েছে একজন মানুষের মরদেহ। রিকশা থেকে যাতে পড়ে না যায়, সে জন্য মরদেহটি বস্তায় ভরে বাঁশ দিয়ে বাঁধা হয়েছে। ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া এক ব্যক্তির মরদেহ গতকাল এভাবেই নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে l ছবি: সংগৃহীত
রিকশায় যাত্রীর আসনে সাদা কাপড়ে ঢেকে রাখা হয়েছে একজন মানুষের মরদেহ। রিকশা থেকে যাতে পড়ে না যায়, সে জন্য মরদেহটি বস্তায় ভরে বাঁশ দিয়ে বাঁধা হয়েছে। ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া এক ব্যক্তির মরদেহ গতকাল এভাবেই নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে l ছবি: সংগৃহীত

লোকটি যেন রিকশায় বসে আছেন। বাঁশের সঙ্গে বাঁধা বস্তায় ভরা দেহটি, বাঁশের দুই প্রান্ত রিকশার সঙ্গে বাঁধা। আগাগোড়া সাদা কাপড়ে মোড়ানো। কাপড়ের নিচের অংশে (পায়ের দিকে) ছোপ ছোপ কালচে রক্তের দাগ। এভাবেই রিকশায় বেঁধে একটি মৃতদেহ কমলাপুরে রেলওয়ে থানা থেকে গতকাল রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিয়ে আসা হয়। রিকশা চালিয়ে লাশটি মর্গে নিয়ে আসেন রেলওয়ে পুলিশের অস্থায়ী ডোম বিহারি।
১১ সেপ্টেম্বর রাজধানীর কারওয়ান বাজার মাছের আড়তসংলগ্ন রেললাইনে দুই ট্রেনের মাঝে পড়ে পাঁচজন নিহত হন। এরপর বস্তায় ভরে বাঁশ বেঁধে নিহত একজনের লাশ বহনের ছবি প্রথম আলোতে ছাপা হয়। ছবির ক্যাপশন ছিল ‘....রেলপথে প্রাণ হারানো মানুষের মরদেহ সরিয়ে নেওয়ার সম্মানজনক কোনো রীতি কি রেল কর্তৃপক্ষের নেই?’ এরপর গতকাল একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল।
গতকাল ঢাকা মেডিকেল কলেজ মর্গে লাশটি নিয়ে আসার পরে লাশ বহনের প্রক্রিয়া দেখে অবাক মর্গের কর্মীরাও। অনেকে মুঠোফোনে ছবিও তুলে রাখেন।
লাশ বহনের এই প্রক্রিয়া নিয়ে জানতে চাইলে পুলিশের রেলওয়ে রেঞ্জের উপমহাপরিদর্শক কামরুল আহসান প্রথম আলোকে বলেন, ‘বিষয়টা আমি শুনেছি। এভাবে বাঁশ দিয়ে বেঁধে রিকশায় বসিয়ে লাশ বহন করা ঠিক হয়নি। মৃত ব্যক্তিকে যথাযথ সম্মান দিয়ে লাশ বহন করা নিয়ম। খোঁজ নিয়ে দেখছি কী কারণে এভাবে রিকশায় বসিয়ে লাশ বহন করতে হলো।’
ওই লাশটি উদ্ধারকারী রেল পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, গত শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে টিটিপাড়া রেললাইন এলাকায় নারায়ণগঞ্জগামী একটি ট্রেনের ধাক্কায় লাইনে পড়ে আনুমানিক ৬০ বছর বয়সী ওই ব্যক্তি নিহত হন। গতকাল সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় মেলেনি। তাঁর পরনে ছিল চেক লুঙ্গি ও সবুজ শার্ট।
এএসআই জাহিদুল বলেন, লাশ পরিবহনের জন্য ডোমকে তিনবার ভ্যান কিনে দেওয়া হলেও সেগুলো চুরি হয়ে গেছে। পরে সেই ডোম না বুঝেই লাশ রিকশায় করে মর্গে নিয়ে যান। এভাবে লাশ বহন অবশ্যই অন্যায় হয়েছে। স্বীকার করছি আমার দোষ হয়েছে। তবে এ রকম আর হবে না। ওসি স্যার ভ্যানের অর্ডার দিয়েছেন, কালকেই চলে আসবে।