লাশ ফেরত দিতে দেরি করছে বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তের ওপারে ভারতীয়দের পিটুনিতে নিহত তিন বাংলাদেশির লাশ গতকাল বুধবার রাত ১০টা পর্যন্ত ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
গতকাল বাংলাদেশ-ভারত সীমান্তের কেদারাঘাট নামক স্থানে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বেলা সাড়ে তিনটা থেকে তিন ঘণ্টাব্যাপী পতাকা বৈঠক হয়। বৈঠকে হত্যাকাণ্ডের বিষয়ে ভারতের কাছে প্রতিবাদ জানায় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। বৈঠকে বিএসএফ বিজিবিকে জানায়, প্রক্রিয়া শেষ করে লাশগুলো ফেরত দেওয়া হবে।
বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নের আলীনগর গ্রামের পাঁচ-ছয়জন বাসিন্দা গত মঙ্গলবার বাল্লা সীমান্ত দিয়ে ভারতের সিংহাই ছড়ার লতাবাড়ী এলাকায় যান। স্থানটি বাল্লা সীমান্ত থেকে চার কিলোমিটার দুরে ভারতের অভ্যন্তরে অবস্থিত। এ সময় সেখানকার বাসিন্দারা তাঁদের গরুচোর সন্দেহে পিটুনি দেয়। এতে সুজন (২৩), করম আলী (৩৫) ঘটনাস্থলে এবং আকল মিয়া (৩০) সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত ব্যক্তিদের সঙ্গে থাকা দু-তিনজন পালিয়ে এসে তাঁদের পরিবার ও আত্মীয়স্বজনকে বিষয়টি জানান।
গতকালের পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিপি ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাসিরউদ্দিন আহমেদ। বিএসএফের পক্ষে ছিলেন এস কে বিদ্যার্থী। বিজিবির শ্রীমঙ্গল সেক্টরের অধিনায়ক কর্নেল মো. তারিকুল ইসলাম খান গতকাল বুধবার রাত সাতটায় প্রথম আলোকে জানান, মরদেহগুলো ফেরত পাওয়া হচ্ছে তাঁদের প্রধান কাজ। কিন্তু বিএসএফ হস্তান্তরে নানা প্রক্রিয়াগত জটিলতা দেখিয়ে সময় নিচ্ছে। তিনি ধারণা করছেন, হয়তো মাঝরাতে বা বৃহস্পতিবার ভোরে মরদেহগুলো হস্তান্তর করতে পারে। কারণ বিএসএফ চায়, হস্তান্তরকালে মানুষের উপস্থিতি কম বা কোনো প্রতিক্রিয়া যেন না হয়।
গাজীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, সীমান্ত এলাকার লোকজন নানা ব্যবসায়িক কাজে দুই দেশের সীমান্তে চলাচল করেন। এভাবে পিটিয়ে মানুষ হত্যা করা মানবাধিকার লঙ্ঘন। তিনি আন্তর্জাতিক বিধি অনুযায়ী বাংলাদেশের ব্যবস্থা গ্রহণের দাবি জানান।