লাশ ফেলতে গিয়ে ধরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইক্রোবাস থেকে মরদেহ নামিয়ে রাস্তার পাশে ফেলার প্রস্তুতি চলছিল। দূর থেকে এ দৃশ্য দেখে কয়েকজন লোক এগিয়ে গেলে লাশ ফেলে রেখে মাইক্রোবাস নিয়ে সবাই পালানোর চেষ্টা করে। স্থানীয় লোকজন ধাওয়া করে মাইক্রোবাস, লাশ ও একজনকে ধরে পুলিশে দেয়। সিলেটের জালালাবাদ থানা এলাকার কুমারগাঁওয়ে গতকাল বুধবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মাইক্রোবাসের মধ্যে ৩০-৩৫ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। মরদেহটি ফেলতে গিয়ে ধরা পড়েছে চারজনের একজন। তার নাম মুহিত আলম, বাড়ি সিলেট সদর উপজেলার শেখপাড়া গ্রামে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুহিত পুলিশের কাছে নিজেকে ‘চোর’ বলে পরিচয় দিয়েছে। যার মরদেহ ফেলার জন্য মাইক্রোবাসে করে নিয়ে আসা হয়েছিল, সেটি অজ্ঞাত এক গৃহস্থের। গতকাল রাতে চুরি করার সময় মারধরে মারা যাওয়ায় মাইক্রোবাসে করে লাশ ফেলার চেষ্টা করা হচ্ছিল বলে পুলিশকে তথ্য দেয় মুহিত। সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন বলেন, ধারণা করা হচ্ছে ঘটনাটি হত্যা করে লাশ গুম করার চেষ্টা। লাশের পরিচয় সম্পর্কে কিছু না পাওয়ায় পুলিশকে দেওয়া আটক মুহিতের কথাগুলো যাচাই করা হচ্ছে। অন্যদিকে মাইক্রোবাস জব্দ করে মালিক ও মাইক্রোবাসে থাকা অন্যদের সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে।
লাশের সুরতহাল প্রতিবেদনের বরাত দিয়ে ওসি জানান, লাশটি রক্তাক্ত ছিল। মারধরে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।