নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় সাক্ষী হিসেবে র্যাব-১১-এর দুই সদস্য আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দীতে তাঁরা বলেছেন, লাশ নদীতে ফেলার সময় র্যাবের তত্কালীন মেজর আরিফ নৌকায় ছিলেন।
আজ সোমবার বিকেলে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মনোয়ারা বেগমের আদালতে র্যাব-১১-এর ল্যান্স নায়েক আব্দুর রাজ্জাক ও সিপাহী মো. আজম এই জবানবন্দি দেন।
সাত খুনের মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ মন্ডল জানান, সাত খুনের ঘটনায় পৃথক দুটি মামলায় সাক্ষী হিসেবে র্যাব-১১ এর দুই সদস্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
জবানবন্দিতে নায়েক আব্দুর রাজ্জাক ও সিপাহী আজম আলী জানান, নদীতে লাশ বহনকারী ইঞ্জিনচালিত নৌকায় তাঁরা ছিলেন। নৌকাতে র্যাবের চাকরিচ্যুত মেজর আরিফ উপস্থিত ছিলেন বলে তাঁরা বলেছেন। তাঁরা আরও জানিয়েছেন, পদস্থদের আদেশ মানতেই তাঁরা লাশ বহনকারী ওই দুটি নৌকায় ছিলেন।
জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন খান বলেন, তিনি একটি সূত্রে জানতে পেরেছেন, ২৭ এপ্রিল সাতজনকে অপহরণ ও হত্যার পর তাঁদের লাশ নদীতে ফেলার দায়িত্বে র্যাব-১১-এর যে সদস্যরা ছিলেন, তাঁদের মধ্যে আবদুর রাজ্জাক ও আজম আলী অন্যতম। সাতজনকে হত্যার পর র্যাব-১১-এর দুটি ইঞ্জিনচালিত নৌকায় করে লাশ শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়া হয়।
এদিকে র্যাবের ওই দুই সদস্যকে আসামি না করায় ক্ষোভ প্রকাশ করেছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, র্যাবের এই সদস্যদের মামলার আসামি হওয়ার কথা। কিন্তু সেখানে তাঁদের মামলার সাক্ষী করা হচ্ছে যা ঠিক হচ্ছে না। তিনি মামলার ভবিষ্যত নিয়েও শঙ্কা প্রকাশ করে অবিলম্বে র্যাবের ওই সদস্যদের মামলার আসামি করার দাবি জানান।
সাখাওয়াত বলেন, সাত খুনের ঘটনার পর নূর হোসেন ও তাঁর সহযোগীদের ১১টি অস্ত্রের লাইসেন্স বাতিল করা হলেও নয়টি জমা পড়েছে। তবে নূর হোসেনের দুটি জমা পড়েনি। কিন্তু প্রশাসন অস্ত্র দুটি উদ্ধার করতে পারেনি। গত শুক্রবার মালিবাগ রেলক্রসিংয়ে দুর্ঘটনা না ঘটলে অস্ত্রটি উদ্ধার হতো না। অপর অস্ত্রটির কোনো সন্ধান পায়নি পুলিশ।
এর আগে র্যাবের সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্ণেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানা, অপরণের ঘটনার তিন প্রত্যক্ষদর্শী, র্যাবের দুই সদস্য আব্দুস সামাদ ও আব্দুস সালাম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন।