লাশ রেখে পালানোর পর স্বামী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে স্ত্রীর লাশ হাসপাতালে রেখে কৌশলে পালিয়ে যাওয়ার পর স্বামীকে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। যৌতুক না পেয়ে তিনি স্ত্রীকে হত্যা করেন বলে অভিযোগ।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের রাহাপাড়ার বাসিন্দা আবুল কাসেমের ছেলে শরিফুল ইসলামের (২৫) সঙ্গে সাত-আট মাস আগে বিয়ে হয় হায়দারাবাদ লক্ষ্মণদিয়া গ্রামের জামাল উদ্দিনের মেয়ে মুক্তা আক্তারের (২০)। বিয়ের সময় শরিফুলকে বেশ কিছু উপহারসামগ্রী দেওয়া হয়। কিন্তু বাবার বাড়ি থেকে দুই লাখ টাকা যৌতুক এনে দিতে মুক্তাকে গত দুই-তিন মাস ধরে চাপ দিয়ে আসছিলেন শরিফুল। এ নিয়ে দুজনের মধ্যে কলহ চলে আসছিল। প্রায়ই মুক্তাকে নির্যাতন করা হতো। সর্বশেষ গত শুক্রবারও তাঁকে নির্যাতন করা হয়। এতে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন। এ অবস্থায় মুক্তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান শরিফুল। সেখানে কর্তব্যরত চিকিৎসক মুক্তাকে মৃত ঘোষণা করেন। পরে স্ত্রীর লাশ হাসপাতাল রেখে কৌশলে পালিয়ে বাড়ির পাশে আরেকজনের বাড়িতে আশ্রয় নেন শরিফুল। আচরণে সন্দেহ হলে স্থানীয় লোকজন তাঁকে আটক করে জয়দেবপুর থানা-পুলিশকে খবর দেন। পুলিশ রাতে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।
থানার উপপরিদর্শক (এসআই) পরিমল বিশ্বাস বলেন, মুক্তার গলায় কালো দাগ রয়েছে। এ ছাড়া শরীরের অন্য কোথাও আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মুক্তা পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে জিজ্ঞাসাবাদে শরিফুল দাবি করেছেন। তবে ময়নাতদন্তের পর জানা যাবে এটা হত্যা না আত্মহত্যা।