লাশ হস্তান্তর, দুটি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার লেশিয়ারা গ্রামে গত সোমবার দিবাগত রাতে গণপিটুনিতে দুজন নিহত হয়েছে। পুলিশ ও এলাকাবাসীর ভাষ্যমতে, ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী পিটুনি দিলে তারা নিহত হয়। এ ঘটনায় ডাকাতি ও হত্যার অভিযোগে দুটি মামলা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের জরুইন গ্রামের সহিদুল ইসলাম (৩৬) এবং ব্রাহ্মণপাড়া উপজেলার ছাতিয়ানী গ্রামের রুবেল মিয়া (২৬)। তাঁদের লাশ গতকাল বুধবার পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সুমন কুমার আদিত্যের ভাষ্যমতে, সহিদুল ইসলামের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় তিনটি ডাকাতির মামলা আছে। রুবেলের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সোমবার রাত দুইটার দিকে দরজা ভেঙে ২০-২৫ জন ডাকাত লেশিয়ারা গ্রামের ইদন মিয়ার চার ছেলে কাউছার মিয়া, জামসেদ মিয়া, ইকবাল হোসেন ও জমির মিয়ার ঘরে ঢোকে। পরে অস্ত্রের মুখে তাঁদের জিম্মি করে সাড়ে পাঁচ লাখ টাকা ও ২২ ভরি স্বর্ণালংকার লুট করে। এ সময় জমির হোসেনের ছোট ভাই ইমাম হোসেন বাড়ি থেকে বের হয়ে স্থানীয় মসজিদে যান। তিনি মসজিদের মাইকে তাঁদের বাড়িতে ডাকাতি হচ্ছে বলে ঘোষণা দেন। তাঁর ঘোষণা শুনে ডাকাতেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন দৌড়ে এসে শহীদুল ও রুবেল মিয়াকে আটক করে গণপিটুনি দেয়। এতে তারা মারা যান। কসবা থানার ওসি মুহাম্মদ মহিউদ্দিন জানান, লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।