লাশ হাসপাতালে রেখে পালাল শ্বশুরবাড়ির লোকজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে এক নারীর লাশ রেখে তাঁর শ্বশুরবাড়ির সদস্যদের পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই নারী ভেদরগঞ্জ উপজেলার চরকোরালতলী গ্রামের মজিবর দেওয়ান ওরফে গোলাম মাওলার স্ত্রী সান্তা আক্তার (২৮)। গতকাল সোমবার বিকেল চারটার দিকে লাশটি রেখে শ্বশুরবাড়ির সদস্যরা পালিয়ে যায়।

অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওই নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

শরীয়তপুর সদর হাসপাতাল ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, সান্তা আক্তারকে দুপুরে বাঁ হাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখম অবস্থায় ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসকেরা ওই নারীর রক্তক্ষরণ বন্ধ করতে পারছিলেন না। তাঁর অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

বিকেল চারটার দিকে ওই নারীর ভাশুর লাল মিয়া দেওয়ান তাঁকে শরীয়তপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এর কিছুক্ষণ পরই ওই নারীর শ্বশুরবাড়ির সদস্যরা হাসপাতাল থেকে পালিয়ে যান। খবর পেয়ে সান্তার বাবার বাড়ির লোকজন সন্ধ্যায় শরীয়তপুর সদর হাসপাতালে আসেন।

একই উপজেলার নারায়ণপুর পুটিয়া গ্রামের লাল মিয়া তালুকদারের মেয়ে সান্তা আক্তার। ১০ বছর আগে মজিবর দেওয়ানের সঙ্গে তাঁর বিয়ে হয়। আবির নামে তাঁদের পাঁচ বছর বয়সী একটি ছেলে রয়েছে। মজিবর দেওয়ান সৌদি আরবপ্রবাসী ছিলেন। এক বছর ধরে দেশে এসে গরুর খামার শুরু করেন।

সান্তার মা ঝিলু বেগম বলেন, ‘বিকেল সাড়ে চারটার দিকে সান্তার স্বামী মুঠোফোনে তার মৃত্যুর খবর জানায়। সে জানায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে সান্তা মারা গেছে। তার লাশ শরীয়তপুর হাসপাতালে আছে। আমরা ছুটে এসে দেখি আমার মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে।’

লাল মিয়া তালুকদার বলেন, ‘সান্তা মারা যাওয়ার পর আমাদের খবর দেওয়া হয়েছে। তার শ্বশুরবাড়ি থেকে আমার বাড়ির দূরত্ব মাত্র দুই কিলোমিটার। তাকে হত্যা করা হয়েছে। কেন তাকে হত্যা করা হলো, তা আমরা এই মুহূর্তে বলতে পারছি না।’

ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেঘনাথ সাহা বলেন, সান্তা নামের এক নারীর শরীরের বিভিন্ন স্থানে ক্ষত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাঁর ক্ষতস্থান থেকে প্রচুর রক্ত ঝরছিল। রক্ত বন্ধ করতে না পেরে তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে। শরীয়তপুর পর্যন্ত নেওয়া হলে তিনি মারা যান। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়েছে।

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদি হাসান বলেন, ‘এক গৃহবধূর মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি বিস্তারিত জানার জন্য ওই গ্রামে গিয়েছি। কী কারণে নারীর মৃত্যু হলো, তা তদন্ত হচ্ছে।’