লাশটি অন্তত ফেরত চায় পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরে র‌্যাবের গুলিতে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ জুয়েল নিহত হওয়ার ঘটনার এক বছরেও তাঁর লাশ ফেরত পায়নি পরিবার। জুয়েলের স্কুলপড়ুয়া দুই মেয়ে, স্ত্রী এখনো তাঁর লাশটি ফেরত পাওয়ার অপেক্ষায়।
এদিকে পরিবারের একমাত্র কর্মক্ষম সদস্যকে হারিয়ে অসহায় জীবন যাপন করছে পরিবারটি।
জেলা শহরের নিজ বাসভবনে গতকাল বৃহস্পতিবার পরিবারের সদস্যদের হতাশার কথা প্রথম আলোর কাছে তুলে ধরেন জুয়েলের বাবা নুরুল ইসলাম। তিনি বলেন, গত বছর ১২ ডিসেম্বর সকাল সাতটার দিকে জুয়েলের নেতৃত্বে যুবদলের নেতা-কর্মীরা একটি মিছিল নিয়ে জেলা শহরের চকবাজার এলাকায় পৌঁছালে মিছিলের ওপর অতর্কিত গুলি চালায় র্যাব। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে তাঁর লাশটি গাড়িতে তুলে নিয়ে ঘটনাস্থল ছেড়ে যায় র‌্যাবের গাড়ি। তারপর থেকে অনেকবার র‌্যাবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে লাশটি ফেরত পাওয়ার জন্য। কিন্তু র্যাব শুরু থেকেই দাবি করেছে তারা লাশ নিয়ে যায়নি। অথচ র‌্যাবের গাড়িতে লাশটি তোলার দৃশ্য ঘটনাস্থলে উপস্থিত সবাই দেখেছে।
জুয়েলের স্ত্রী মনোয়ারা বেগম তিন সন্তান ও শ্বশুরকে নিয়ে দারিদ্র্য ও সংগ্রামের মধ্য দিয়ে টিকে থাকার লড়াইয়ের বর্ণনা দেন। তিনি বলেন, ‘জুয়েল পরিবারের একমাত্র কর্মক্ষম মানুষ ছিল। সদর হাসপাতাল রোডে একটি ওষুধের দোকান ছিল। কিন্তু সে মারা যাওয়ার পর ওষুধের দোকানটি বন্ধ হয়ে যায়। এখন তো আমরা নিরূপায়। আত্মীয়স্বজনের সাহায্য নিয়ে চলছি। কিন্তু এভাবে আর কত দিন?’ তিনি বলেন, তাঁর হত্যাকাণ্ডের ব্যাপারে লক্ষ্মীপুর সদর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। সন্তানেরা বাবার কবরও দেখতে পারেনি। জুয়েলের স্কুলপড়ুয়া মেয়ে তাছিয়া মাহমুদ নাহাদী, তাছমিমা মাহমুদ তানহা এখনো তাদের বাবার লাশটি ফেরত পাওয়ার অপেক্ষায়।
গত বছর ১২ ডিসেম্বর সকাল সাড়ে ছয়টার দিকে র্যাব-১১-এর একটি দল লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী এলাকায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবুর বাসায় প্রবেশ করে। দলটির নেতৃত্বে ছিলেন র‌্যাবের সিও তারেক সাঈদ মোহাম্মদ। বাসায় ঢুকেই সাবুর পায়ে গুলি করে তাঁকে আটক করে থানা-পুলিশে সোপর্দ করে র্যাব। এ খবর ছড়িয়ে পড়লে যুবদল নেতা জুয়েলের নেতৃত্বে বিএনপির ১৫-২০ জন নেতা-কর্মী মিছিল নিয়ে সাবুর বাসভবনের দিকে যেতে চেষ্টা করেন। শহরের চকবাজার জামে মসজিদের সামনে পৌঁছালে মিছিলের ওপর র্যাব অতর্কিতে গুলি চালালে জুয়েল নিহত হন। পরে র্যাব সদস্যরা তাঁর লাশটি নিয়ে যান।