লাশটি নওহাটা পৌর মেয়র গফুরেরই
ঢাকার আজিমপুর কবরস্থান থেকে তোলা লাশটি রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার মেয়র আবদুল গফুর সরকারেরই। পরিবারের সদস্য ও আলামতের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এদিকে লাশের প্রথম ময়নাতদন্তের নথিপত্র ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগ থেকে গায়েব হয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। ৩ জানুয়ারি তাঁর লাশের ওই ময়নাতদন্ত হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে আবারও তাঁর লাশের ময়নাতদন্ত করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও পবা থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, হাসপাতালের ময়নাতদন্তের রেজিস্ট্রারে গত ৩ জানুয়ারির তালিকায় গফুরের নাম থাকলেও কোনো নথিপত্র পাওয়া যায়নি। আর আজিমপুর কবরস্থান থেকে যে লাশটি তোলা হয়েছে, সেটি মেয়র গফুর সরকারের বলেও নিশ্চিত হওয়া গেছে।
পবার নওহাটা পৌর মেয়র গফুর দুই মাস ধরে নিখোঁজ ছিলেন। পুলিশি রিমান্ডে কথিত চিকিৎসক জান্নাতুন সালমা ওরফে মিম মেয়রকে হত্যার ঘটনা ও তাঁর অবস্থান নিশ্চিত করেন। মিম নওগাঁর সালমা ডায়াগনস্টিক সেন্টারের মালিক। গতকাল সকালে মোহাম্মদপুর ২ নম্বর রোডের ৩ নম্বর বাসা থেকে গফুরের পোশাক ও ব্যাগ উদ্ধার করে পুলিশ। ওই বাসায় মিম ভাড়া থাকতেন। তিনি নিজেকে মেয়র গফুরের স্ত্রী দাবি করেন।
তদন্তকারী কর্মকর্তা আরও বলেন, হত্যার পর কৌশলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে স্বাভাবিক মৃত্যু দেখিয়ে গফুরের লাশ দাফন করা হয়। তবে রিমান্ডে থাকা মিমের তথ্যে গরমিল পাওয়া গেছে। ৭ জানুয়ারি বালিশচাপা দিয়ে খুন করার পর ৮ জানুয়ারি লাশ দাফনের বিষয়ে তাঁর দেওয়া প্রাথমিক তথ্য সত্য ছিল না। মেয়রকে খুন করা হয় ৩ জানুয়ারি।
এ কর্মকর্তা আরও বলেন, মেয়র গফুরকে খুন করার পর ওই দিন মোহাম্মদপুর থানায় অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়। সেখানে মিম নিজেকে মেয়র গফুরের বোন পরিচয় দিয়ে তাঁর নাম শামীমা খাতুন বলে উল্লেখ করেন। গফুরের বাড়ি উল্লেখ করা হয় রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর এলাকায়। মামলার পর লাশ নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের মর্গে। সেখানে ময়নাতদন্ত করানো হয়। পরদিন ৪ জানুয়ারি মর্গ থেকে বোন পরিচয়ে শামীমা নামে লাশ গ্রহণ করেন মিম। এরপর লাশ হাসপাতালের হিমঘরে রাখা হয়। ৮ জানুয়ারি সেখান থেকে লাশ নিয়ে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। আজিমপুর কবরস্থানের মালি সোহেলসহ মোহাম্মদপুর থানায় ইউডি মামলা ও লাশের ময়নাতদন্ত-সংশ্লিষ্ট ব্যক্তিরা মিমকে শামীমা নামে চিহ্নিত করেন। কবরে ঘাস লাগানো বাবদ মিমের কাছে ৫০০ টাকা পান সোহেল। টাকা পরদিন দিয়ে যাওয়ার কথা বলে মিম তাঁর মুঠোফোন নম্বর দিয়ে যান সোহেলকে। শামীমা নামে মিমের মুঠোফোন নম্বর সোহেলের নোটবুকে লেখাও রয়েছে।
কেন এ হত্যাকাণ্ড: ২০ থেকে ৩০ লাখ টাকা দেনা-পাওনার জেরে মেয়র গফুরকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। নওগাঁয় ‘সালমা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার’-এর অর্ধেক শেয়ার মেয়র গফুরের।
রিমান্ডে পাওয়া তথ্যের বরাত দিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা আজাদ বলেন, ওই ডায়াগনস্টিক সেন্টার করার সময় মিম মেয়র গফুরের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নেন। প্রায় দুই মাস আগে সেন্টারের হিসাব-নিকাশের জন্য নওগাঁ যান গফুর। সেখানে মিম ও তাঁর স্বামী হারুন অর রশিদের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে মিমের স্বামী মাস্তান ভাড়া করে গফুরকে লাঞ্ছিত করে বের করে দেন। এর পর থেকে গফুর তাঁর টাকা ফেরত পেতে মিমকে চাপ দিচ্ছিলেন। ওই টাকা দেওয়ার নাম করে গফুরকে ঢাকা ডেকে আনা হয়। গফুর ১ জানুয়ারি ভোরে ঢাকায় পৌঁছান। হারুনের পরিকল্পনা অনুযায়ী, সকালেই গফুরকে মোহাম্মদপুর ২ নম্বর রোডের ৩ নম্বর বাড়িতে ডেকে নিয়ে যান মিম। পরে একটি কক্ষে গফুরকে দুদিন আটকে রাখা হয়। এ সময় তাঁকে কোনো খাবার দেওয়া হয়নি। এতে দুর্বল হয়ে পড়লে মিম ও হারুন বালিশচাপা দিয়ে গফুরকে হত্যা করেন।