লাশবাহী অ্যাম্বুলেন্সসহ দুটি গাড়িতে ডাকাতি
নাটোরের লালপুর উপজেলার ঢুলিপাড়ায় একটি লাশবাহী অ্যাম্বুলেন্সসহ দুটি গাড়িতে ডাকাতি হয়েছে। গত মঙ্গলবার রাতে ঈশ্বরদী-রাজশাহী সড়কের ঢুলিপাড়ার অংশে এ ঘটনা ঘটে। ডাকাতেরা লাশ নামিয়ে নেওয়ার ভয় দেখিয়ে স্বজনদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল সেট ছিনিয়ে নেয়। ঘটনার পর পুলিশ যথাযথ পদক্ষেপ নেয়নি বলে ভুক্তভোগীরা দাবি করছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ঈশ্বরদী-রাজশাহী সড়কের ঢুলিপাড়া অংশে খেজুর গাছ ফেলে ডাকাতেরা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। দেশীয় অস্ত্রধারী ১০-১২ জন ডাকাতের দলটি প্রথমে একটি লাশবাহী অ্যাম্বুলেন্স থামায়। এ সময় লাশ নামিয়ে নেওয়ার ভয় দেখিয়ে ডাকাতেরা অ্যাম্বুলেন্সের আরোহীদের কাছ থেকে স্বর্ণালংকার, নগদ দুই হাজার ৭০০ টাকা ও তিনটি মোবাইল সেট কেড়ে নেয়। পরে অপর একটি মাইক্রোবাস থামিয়ে ডাকাতেরা আরোহীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় তারা আরশেদ আলী নামে এক যাত্রীকে মারধর করে।
ভুক্তভোগীরা দাবি করেন, ডাকতির ঘটনার সাত মিনিট পর লালপুর থানার টহল পুলিশ এলে ডাকাতেরা পাশের আখখেতের মধ্যে পালিয়ে যায়। পুলিশ আক্রান্তদের সঙ্গে কথা বললেও কোনো লিখিত অভিযোগ নেয়নি।
লাশবাহী অ্যাম্বুলেন্সের পেছনের মাইক্রোবাস চালক মাহবুল হোসেন বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগী নামিয়ে তিনি লালপুর আসছিলেন। ডাকাতেরা প্রথমে অ্যাম্বুলেন্স ও পরে তাঁর গাড়িতে ডাকাতি করে। ঘটনার পরপরই পুলিশ এসে সবার সঙ্গে কথা বলে ওই স্থান থেকে চলে যেতে বলে। এ সময় পুলিশের কর্মকর্তা সাদাপোশাকে ছিলেন।
ঘটনাস্থলে কর্তব্যরত লালপুর থানার উপপরিদর্শক (এসআই) প্রশান্ত কুমার বলেন, অসুস্থতার কারণে তিনি পোশাক পরে ছিলেন না। তবে তাঁর সঙ্গে ক্রসবেল্ট ও আগ্নেয়াস্ত্র ছিল। লাশবাহী অ্যাম্বুলেন্সের চালক ও যাত্রীদের ব্যাপারে তথ্য নিতে তিনি ভুলে গিয়েছিলেন বলে জানান।