লাশবাহী অ্যাম্বুলেন্সে ছিনতাই
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গীর গাজীপুরা এলাকায় লাশবাহী একটি অ্যাম্বুলেন্সে গত বৃহস্পতিবার রাতে ছিনতাই হয়েছে।
অ্যাম্বুলেন্সের যাত্রী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকার হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন টঙ্গীর বাটা শু কোম্পানির সাবেক কর্মচারী শাহজাহান তালুকদার (৬৫)। তিনি বৃহস্পতিবার রাতে মারা যান। তাঁর বাড়ি গাজীপুর সিটি করপোরেশনের গাজীপুরায়। শাহজাহানের লাশ নিয়ে তাঁর আটজন স্বজন রাতেই অ্যাম্বুলেন্সযোগে বাড়ির উদ্দেশে রওনা হন। ভোররাত সাড়ে চারটার দিকে গাজীপুরার বাঁশপট্টি এলাকায় পাঁচ-ছয়জনের একটি দল রামদা ও ছোরা নিয়ে অ্যাম্বুলেন্স ঘিরে ফেলে। অস্ত্রের মুখে শাহজাহানের স্ত্রী ও বোনের কাছ থেকে তিনটি স্বর্ণের চেইন, দুই জোড়া কানের দুল ও অন্যদের কাছ থেকে ১০ হাজার টাকা ও তিনটি মুঠোফোন নিয়ে পালিয়ে যায় তারা।
শাহজাহানের ছোট ভাই রাজিব তালুকদার জানান, ঘটনাস্থলের কাছেই টহল পুলিশ অবস্থান করলেও তারা এগিয়ে আসেনি। ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার পর তারা ঘটনাস্থলে পৌঁছায়। পরে বাড়িতে একটি মুঠোফোন ও মৃত্যুসনদ দিয়ে যায় পুলিশ।
টঙ্গী থানার উপপরিদর্শক আবদুল মান্নান বলেন, তাঁরা ঘটনাস্থলের বিপরীত দিকে ছিলেন। ছিনতাইকারীরা তাঁদের দেখামাত্র পালিয়ে যায়। পরে সেখানে একটি মুঠোফোন ও মৃত্যুসনদ পড়ে থাকতে দেখা যায়।