লাশবাহী গাড়িসহ কয়েকটি যানবাহনে ডাকাতি
ঢাকার ধামরাইয়ে একটি লাশবাহী অ্যাম্বুলেন্সসহ কয়েকটি যানবাহনে ডাকাতি সংঘটিত হয়েছে। গত বুধবার দিবাগত রাতে রামরাবন এলাকায় ওই ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) একটি কারখানার নিরাপত্তাকর্মী ছবুর উদ্দিন (৫৫) বুধবার কর্তব্য পালন করার সময় রাত ১০টার দিকে অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অবস্থায় প্রথমে তাঁকে স্থানীয় একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে (ক্লিনিক) নেওয়া হয়। সেখান থেকে তাঁকে সাভারের গণস্বাস্থ্য হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ছবুরের ছেলে মফিজুল ইসলাম বলেন, বাবার লাশ নিয়ে তিনি, তাঁর স্ত্রী, স্বজন ও সহকর্মীরা একটি অ্যাম্বুলেন্সে করে বাড়ি যাচ্ছিলেন। দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-সাটুরিয়া সড়কের রামরাবন এলাকায় ডাকাতেরা সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে তাঁদের গাড়ির গতি রোধ করে। এর আধা ঘণ্টার মধ্যে ওই এলাকায় আরও কয়েকটি যানবাহনে তারা হামলা করে। এরপর ডাকাতেরা এক এক করে তাঁদের অ্যাম্বুলেন্সসহ যানবাহন থেকে টাকা ও মুঠোফোন লুট করে চলে যায়।
এর আগে গত সোমবার রাতে উপজেলার একই সড়কের খাগুর্তা এলাকায় গাছের গুঁড়ি ফেলে অন্তত ১০টি যানবাহন থেকে অর্থ লুটে নেয় ডাকাতেরা।