লাশবাহী গাড়িতে হামলা, আহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার খিলগাঁও এলাকায় লাশবাহী অ্যাম্বুলেন্সে হামলা চালিয়ে টাকা, স্বর্ণালংকার ও মুঠোফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ওই অ্যাম্বুলেন্সে থাকা এক ব্যক্তিকে তারা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

গতকাল শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম সুকুমার সরকার (৫৫)। তাঁকে রাত সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে সুকুমারের স্বজন অজয় কুমারের তথ্যমতে, সুকুমারের মা চট্টগ্রামে মারা যান। সেখান থেকে তাঁর লাশ অ্যাম্বুলেন্সে করে নিয়ে তাঁরা টাঙ্গাইলে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। সঙ্গে আরও একটি মাইক্রোবাসে পরিবারের সদস্যরা ছিলেন। খিলগাঁও এলাকায় দুর্বৃত্তরা আরেকটি মাইক্রোবাসে করে এসে লাশবাহী অ্যাম্বুলেন্সে হামলা চালায়।

অজয় কুমারের ভাষ্য, দুর্বৃত্তরা নগদ ৫০ হাজার টাকা, চার ভরি স্বর্ণালংকার ও চারটি মুঠোফোন ছিনিয়ে নিয়ে গেছে।

ঢাকা মেডিকেলের পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক আহত সুকুমারকে হাসপাতালে নিয়ে আসার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।