লাশের বস্তা খুলতেই বেরিয়ে আসে চাল, আলু

নিখোঁজের চার দিনের মাথায় কচুরিপানায় ভরা প্রায় শুকনো খালে মিলল ফিরোজ আলী মল্লিক নামের অষ্টম শ্রেণির এক ছাত্রের বস্তাবন্দী লাশ। লাশটি যখন বের করা হচ্ছিল, তখন বস্তা থেকে বেরিয়ে আসছিল চাল ও আলু।
আজ রোববার বিকেলে ফিরোজের চাচাতো ভাই হৃদয় মল্লিকের দেখানো জায়গা চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী এলাকায় একটি খাল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। হৃদয় হত্যার দায় স্বীকার করেছে।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ বড়ুয়া বলেন, ফিরোজের মা পোশাকশ্রমিক আর বাবা রংমিস্ত্রি। ৪ মে সন্ধ্যায় মা গার্মেন্টস থেকে বাসায় ফিরে সন্তানকে না পেয়ে স্বামী রমজান আলীকে খবর দেন।

অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে তাঁরা থানায় সাধারণ ডায়েরি করেন। এরই মধ্যে রমজান আলীর ফোনে খুদে বার্তা আসে। সেখানে ছেলের মুক্তিপণ হিসেবে দুই লাখ টাকা চাওয়া হয়। না হলে লাশ মিলবে বলে হুমকি দেওয়া হয়। ৭ তারিখ আবারও একই খুদে বার্তা পাঠানো হয়।
এদিকে তদন্ত করতে গিয়ে পুলিশের সন্দেহ হলে ফিরোজের চাচাতো ভাই হৃদয় মল্লিককে আজ আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় সে হত্যার কথা স্বীকার করে। হত্যার কারণ হিসেবে বলে, তার ব্যক্তিগত কিছু বিষয় জেনে যাওয়ায় ও টাকার প্রয়োজন হয়ে পড়ায় সে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
হৃদয় পীরগঞ্জ ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্র। সে পুলিশকে বলেছে, ৪ তারিখেই বাসায় গলায় গামছা পেঁচিয়ে ফিরোজকে হত্যা করা হয়। এরপর লাশ বস্তায় ভরা হয়। আর লোকজনের চোখ এড়াতে লাশের ওপর বস্তায় ভরা হয় চাল ও আলু। যেন কেউ জিজ্ঞেস করলে বলতে পারে আলুর বস্তা। পরে বাসা থেকে দুই কিলোমিটার দূরে লাশ ফেলে আসে।
ফিরোজ স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। এ ঘটনায় রমজান আলী বাদী হয়ে অপহরণ ও হত্যা মামলা করেছেন।