লিখতে গেলেই তীব্র যন্ত্রণা

লিখতে গেলেই তীব্র যন্ত্রণায় ছটফট করে শিশুটি। শিক্ষকের লাঠির আঘাতে তার ডান হাতের হাড় ফেটে গেছে। শরীরের কিছু স্থানে রয়েছে জখম ফুলে যাওয়ার চিহ্ন।
শিশুটির নাম শামীম হোসেন (৮)। সে চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের দিনমজুর মো. জামাল উদ্দিন ও লিপি বেগমের ছেলে। পড়াশোনা করে গাড়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে। একই সঙ্গে পড়ে শামীমের ছোট বোন রওশন আরা।
গত বুধবার দুপুরে কাদামাটির পথ মাড়িয়ে যাই শামীমদের বাড়িতে। ঘরগুলো মাটির। ওপরে শণের ছাউনি। বাড়ির উঠানে দেখা হয় শামীমের সঙ্গে। পরনে ছাই রঙের ছেঁড়া হাফপ্যান্ট। ডান হাতে ব্যান্ডেজ। বাবা কোথায়, জানতে চাইলে শামীম জানাল, অন্যের জমিতে শ্রম বিক্রির জন্য বাইরে গেছেন।
ঘর থেকে বেরিয়ে আসেন মা লিপি বেগম। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘অভাবের সুংসার। খাইয়ে না-খাইয়ে ছেলেমেয়ে দুটো লিকাপড়া করে। স্বপন ছার (গাড়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গণিত বিষয়ের সহকারী শিক্ষক শরিফুজ্জামান স্বপন) এমন করেই ছেলেডার মাইরেচে যে হাতের হাড়ডা ভাইঙে গিয়েচে। ডাক্তার বুইলেচে ওষুদ কিনতি হাজার ট্যাকারও বেশি লাগবে। ট্যাকার অবাবে ওষুদ কিনতি পারচিনে। বিনে চিকিস্যায় ছেলের হাতডা মনে হয় নষ্ট হয়ে যাবেনে। ছেলেডাকে মারার পর থেইকে মেয়েডাও ভয়তি স্কুলি যাচ্চে না।’
শামীম কাঁদতে কাঁদতে বলে, ‘আমি লিকতি পাচ্চিনে, লিকতি গেলিই ব্যতা করচে।’
শামীমের বোন রওশন আরা জানায়, গত ২৫ আগস্ট গণিতের ক্লাস চলাকালে শামীম তার খাতায় ‘৬’ লিখতে গেলে তা ‘৩’-এর মতো হয়ে যায়। এ সময় শিক্ষক শরিফুজ্জামান লাঠি দিয়ে শামীমকে বেধড়ক পেটান। একপর্যায়ে সে মাটিতে পড়ে লুটোপুটি খায়। খবর পেয়ে মা লিপি বেগম বাড়ি থেকে বিদ্যালয়ে যান। কিন্তু তার আগেই অবস্থা বেগতিক বুঝতে পেরে শিক্ষক শামীমকে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।
শরিফুজ্জামান দাবি করেন, ‘শামীমকে সামান্য মারধর করা হয়েছে। তাতে হাত ভাঙার কথা নয়। তার হাত আগে থেকেই ভাঙা ছিল।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৭০০ টাকা খরচ করে শামীমের চিকিৎসা করিয়েছেন।
অথচ শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় সদর উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা এস এম জয়নুল ইসলাম ও শামীম সুলতানের সমন্বয়ে গঠিত তদন্ত কমিটির কাছে শরিফুজ্জামান দোষ স্বীকার করে ২৬ আগস্ট লিখিত বক্তব্য দিয়েছেন।
সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রহমান বলেন, শরিফুজ্জামানের বিরুদ্ধে আনা অভিযোগ প্রাথমিক তদন্তে প্রমাণিত হওয়ায় ২৭ আগস্ট তাঁকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।