লিখনকে পিটিয়ে হত্যা: তিনজন রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক ব্যবসায় জড়াতে রাজি না হওয়ায় ট্রলারশ্রমিক লিখনকে পিটিয়ে হত্যার অভিযোগে করা মামলায় তিন আসামিকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ রোববার নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আশিক ইমাম এ রিমান্ড মঞ্জুর করেন।

আসামি তিনজন হলেন সাদ্দাম ও তার ভাই সানি এবং তাঁদের এক সহযোগী টিটু। রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হাসনাত আবদুল্লাহ জানান, পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত শুনানি শেষে তিন দিন মঞ্জুর করেন।

গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার শান্তিনগর এলাকায় চোর আখ্যা দিয়ে লিখন এবং তাঁর দুই বন্ধু জামাল ও হৃদয়কে তাঁদের বাড়ি থেকে তুলে নিজেদের বাড়িতে নিয়ে যান একই এলাকার সুরুজ মিয়ার ছেলে সানি, মুনসুর, বায়েজিদ ও সাদ্দাম। এ সময় কয়েকজন সহযোগীও তাঁদের সঙ্গে ছিল। বাড়িতে নিয়ে ওই তিনজনকে বেধড়ক মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই লিখনের মৃত্যু হয়। গুরুতর আহত হন জামাল ও হৃদয়। পরে খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন গিয়ে লিখনের রক্তাক্ত লাশ উদ্ধার করেন। গুরুতর আহত জামাল ও হৃদয়কে উদ্ধার করে শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় এলাকার লোকজন সাদ্দামকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে সানি ও তাঁদের এক সহযোগী টিটুকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় লিখনের ভাই রিয়াজ বাদী হয়ে মামলা করেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কালাম জানান, লিখন হত্যার ঘটনায় এ পর্যন্ত দুই ভাইসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃত ৩ আসামিকে জিজ্ঞাসাবাদের ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: