লিচু পাকাতে রাসায়নিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তার পাশে নজরকাড়া টসটসে লাল লিচু দেখে চোখ ফেরাতে পারলেন না ঠাকুরগাঁও শহরের এক গৃহবধূ ফেরদৌস আরা। দাম একটু বেশি হলেও ১০০ লিচু কিনে বাড়ি ফিরলেন। কিন্তু বাড়ি ফিরে দেখলেন লিচুর আগের মতো স্বাদ নেই। এ ঘটনা গত শুক্রবারের।
লিচুর স্বাদ না থাকার কারণ অনুসন্ধানে জানা গেছে, ক্রেতাদের নজর কাড়তে লিচু ব্যবসায়ীরা রাসায়নিক ব্যবহার করে অপরিপক্ব লিচু পাকিয়ে বাজারজাত করছেন। আকৃষ্ট হয়ে চড়া দামে এই লিচু কিনে ফেরদৌস আরার মতো আরও অনেক ক্রেতা প্রতারিত হচ্ছেন।
বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলছেন, অপরিপক্ব এই লিচুতে সব খাদ্য উপাদান সঠিক পরিমাণে থাকে না। এভাবে কাঁচা লিচু পাকানোর কারণে ভিটামিন ও স্বাদ নষ্ট হচ্ছে। অন্যদিকে রং ভালো দেখাতে রাসায়নিক ছিটানোয় এই লিচু মানবদেহের ক্ষতি করছে।
গত শুক্রবার সকালে সদর উপজেলার গোবিন্দনগর মুন্সিরহাট ও আকচা এলাকায় গিয়ে দেখা যায়, বাগানের কোনো কোনো গাছে ঝুলছে লাল লিচু। আবার কোনো কোনো গাছের লিচু একেবারেই সবুজ। লিচুবাগানের মালিক ও ব্যবসায়ীরা শ্রমিক লাগিয়ে গাছে নানা রাসায়নিক পদার্থ ছিটাচ্ছেন। পাশাপাশি গাছের লিচু ভেঙে বাজারে পাঠানোর প্রস্তুতি চলছে।
লিচুবাগানের মালিক ও ব্যবসায়ীরা জানান, জেলায় প্রায় দুই হাজার লিচুর বাগান রয়েছে। লিচু মৌসুমে দেশের বিভিন্ন জায়গার ব্যবসায়ীরা গুটি অবস্থায় আগাম বাগান কিনে নেন। এরপর থেকে তাঁরা গুটি ঝড়ে পড়া রোধে ও ফল গঠনের জন্য নির্দিষ্ট বিরতিতে ছত্রাকনাশক ও নানা কীটনাশক ছিটাতে শুরু করেন। আগাম বাজার পেতে লিচু রসাল হওয়ার কয়েক দিন আগেই বাগানের মালিক ও ব্যবসায়ীরা শুরু করেন রাসায়নিক পদার্থ ছিটানো। রাসায়নিকের প্রভাবে অপরিপক্ক লিচু উজ্জ্বল রং ও আকর্ষণীয় আকার ধারণ করলে তাঁরা বিক্রির জন্য বাজারে পাঠিয়ে দেন।
লিচু ব্যবসায়ী তাহমির আহমেদ বলেন, প্রতিবছর গুটি অবস্থায় লিচুর বাগান কিনে নিয়ে প্রথমে ফল গঠনে সহায়তা করার জন্য জৈব উজ্জীবক ট্রায়াকন্টানল, ম্যানকোজেব ছিটিয়ে গোটা গাছ ভিজিয়ে দেওয়া হয়। এরপর ছত্রাকনাশক ল্যাম্বডা সাইহ্যালেথ্রিন প্রয়োগ করার পর ফল একটু বড় হলে নিয়মিত বিরতিতে কার্বেন্ডাজিম ও সাইফারমেথ্রিন নামের কীটনাশক ছিটানো হয়। লিচু রসাল হওয়ার কয়েক দিন আগে থেকে ম্যানকোজেব, ট্রায়াকন্টানল, বোরন ও হরমোনজাতীয় নানা ওষুধ ছিটাতে হয়। ওষুধ না ছিটালে লিচু দেরিতে পাকে ও রং খুব একটা ভালো হয় না। লিচুর রং টকটকে লাল না হলে বাজারে ভালো দাম পাওয়া যায় না।
ঠাকুরগাঁও শহরের হাজিপাড়ার বাসিন্দা কলেজশিক্ষক কামরুল ইসলাম বলেন, ‘মৌসুমি ফলে যে রাসায়নিক পদার্থ ব্যবহার করা হচ্ছে, তা মানবদেহের জন্য ক্ষতিকর। এটা জেনেও আমরা আম-লিচুর টসটসে রং ও আকার দেখে আকৃষ্ট হচ্ছি। ব্যবসায়ীরা ক্রেতাদের আকৃষ্ট করতে রাসায়নিক পদার্থের প্রভাবে মৌসুমি ফল পাকাচ্ছেন, এটা প্রতিরোধ করা উচিত।’
শহরের ফল ব্যবসায়ী আবদুল আউয়াল বলেন, ‘আগাম বাজার ধরার জন্য লিচুতে এক ধরনের ভিটামিন স্প্রে করলে অল্প সময়ে তা বাজারে তোলা যায়। সব ফল ব্যবসায়ীই একটু বেশি লাভের জন্য এই কাজটা করে থাকে। এ ছাড়া নিয়মিত ওষুধ ব্যবহার না করলে ফলের রং ও আকার ভালো হয় না।’
ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আজিজের ইসলাম জানান, ফল ব্যবসায়ীদের প্রধান লক্ষ্যে থাকে মুনাফা করা। এ জন্য তাঁরা লিচুতে যেসব রাসায়নিক ব্যবহার করেন, সেগুলোর ক্ষতিকর দিক সম্পর্কে তাঁদের কোনো ধারণা নেই। পুষ্ট হওয়ার আগেই কৃত্রিম উপায়ে পাকানোর ফলে লিচুর পুষ্টিমান থাকে না। এ জন্য লিচুর স্বাদ অনেক সময় তেতো হয়।
ঠাকুরগাঁও বক্ষব্যাধি হাসপাতালের চিকিৎসক আবু মো. খায়রুল কবীর বলেন, রাসায়নিক পদার্থ ও কীটনাশক মিশ্রিত ফল খেলে কিডনি ও ক্যানসারসহ ভয়ংকর সব রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।