লিচুবাগানের কীটনাশকে আট শিশুর মৃত্যু!
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ‘অজ্ঞাত রোগে’ মারা যাওয়া ১১ শিশুর মধ্যে আট শিশুর মৃত্যুর কারণ কীটনাশক। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) বিষয়টি নিশ্চিত করেছে।
মারা যাওয়া শিশুদের বাড়ি লিচুবাগান এলাকায়। যেখানে লিচু চাষে কীটনাশক ব্যবহার করা হয়। গত ২৯ মে থেকে ১৮ জুন পর্যন্ত হাসপাতালে ভর্তির পর দিনাজপুরের বিভিন্ন উপজেলায় ওই ১১ শিশুর মৃত্যু হয়। তাদের সবার বয়স সাত বছরের নিচে।
আইইডিসিআরের পরিচালক মাহমুদুর রহমান গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, দিনাজপুর হাসপাতালে মারা যাওয়া শিশুগুলোর মধ্যে নয়টি শিশু কীটনাশকের সংস্পর্শে এসে অসুস্থ হয়। পরীক্ষায় দেখা গেছে, এদের মধ্যে আটটি শিশুর মৃত্যুর কারণ কীটনাশক। তাদের বাড়ির বা বাড়ির পাশের লিচুগাছ পরীক্ষা করে দেখা গেছে, সেখানে কীটনাশক ব্যবহার করা হয়েছে। এই শিশুরা ওই সব গাছের নিচে যায়। ধারণা করা হয়, শিশুরা ওই লিচু খেয়ে ফেলেছে।
দিনাজপুর হাসপাতালের শিশু বিভাগের প্রধান আবদুল ওয়ারেস গতকাল প্রথম আলোকে বলেন, মারা যাওয়া শিশুগুলো অভাবী পরিবারের ও অপুষ্টিতে আক্রান্ত। এই শিশুরা ঘুমের ঘোরে হঠাৎ চিৎকার দিয়ে জেগে ওঠে ও পরে খিঁচুনি শুরু হয়, এরপর অজ্ঞান হয়ে যায়। হাসপাতালে ভর্তি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তাদের মৃত্যু হয়।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক তরুণ কান্তি হালদার প্রথম আলোকে বলেন, ৫ জুন আইইডিসিআরের চার সদস্যের একটি গবেষক দল দিনাজপুরে আসে। ১১ জুন আরও একটি গবেষক দল এসে ১৫ জুন পর্যন্ত দিনাজপুরের বিরল, বীরগঞ্জ, খানসামা ও কাহারোল উপজেলা পরিদর্শন করে মারা যাওয়া শিশুদের বাড়িতে যায়। শিশুদের অভিভাবক ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে। লিচুগাছে ও নিচে পড়ে থাকা, ফাটা লিচুর নমুনা সংগ্রহ করে। মারা যাওয়া শিশুদের চিকিৎসাসংক্রান্ত নথি পর্যালোচনা করে। শিশু মৃত্যুর কারণ নিয়ে বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করে। তারপর শিশুদের মৃত্যুর কারণ নিয়ে মত প্রকাশ করেছে।