লিটনের অস্ত্রের লাইসেন্স বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মঞ্জুরুল ইসলাম লিটন
মঞ্জুরুল ইসলাম লিটন

বৈধ অস্ত্র অবৈধ কাজে ব্যবহারের অভিযোগে আজ রোববার গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটনের একটি পিস্তল ও একটি শটগানের লাইসেন্স বাতিল করেছে জেলা প্রশাসন। গাইবান্ধার জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ আজ রাত ১০টায় লাইসেন্স বাতিলের কথা নিশ্চিত করেছেন।
এদিকে শিশু সৌরভকে গুলি করার ঘটনার তিন দিনেও সাংসদকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
সাংসদকে গ্রেপ্তারের দাবিতে আজ সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা শহরের উপজেলা পরিষদ সড়কে এবং বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত গাইবান্ধা জেলা শহরের ডিবি রোডের ১ নম্বর ট্রাফিক মোড়ে মানববন্ধন করে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং স্থানীয় লোকজন।
এ সব মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও বর্তমান পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মকবুল হোসেন প্রামাণিক, উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সহসভাপতি মাসুদ-উল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এমদাদুল হক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আহসান হাবিব, জেলা যুব ইউনিয়নের সভাপতি প্রতিভা সরকার ও সাধারণ সম্পাদক মুরাদ জামান, জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক রানু সরকার এবং সাংগঠনিক সম্পাদক তপন দেবনাথ, সদস্য সঞ্জয় মোহন্ত প্রমুখ। এই কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ বিভিন্ন সংগঠন।

মানববন্ধনে বক্তারা গুলিবিদ্ধ সৌরভের সুস্থতা কামনা করেন। বক্তারা বলেন, সাংসদের এই কর্মকাণ্ডের জন্য তাঁকে গ্রেপ্তার ও বিচার করতে হবে। বক্তারা ওই সাংসদের সংসদ সদস্য পদ বাতিলেরও দাবি জানান। বক্তারা আরও বলেন, সাংসদকে গ্রেপ্তারে পুলিশ গড়িমসি করছে। অবিলম্বে সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটনকে গ্রেপ্তার করা না হলে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

এ বিষয়ে সদ্য যোগ দেওয়া সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন বলেন, মঞ্জুরুল ইসলাম একজন সাংসদ। বিধিবিধান অনুসরণ করে তাঁকে গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাংসদকে গ্রেপ্তারে কী বিধিবিধান আছে তা জানতে চাইলে গাইবান্ধার আইনজীবী সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, কোনো মামলা ৩২৬ ও ৩০৭ ধারায় হলে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই পুলিশ যেকোনো সময় আসামি গ্রেপ্তার করতে পারে। তবে জাতীয় সংসদ চলাকালীন সময় কিংবা সংসদ এলাকা থেকে কোনো সাংসদকে গ্রেপ্তার করার ক্ষেত্রে জাতীয় সংসদের স্পিকারের অনুমতির প্রয়োজন।

এদিকে আজ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের চিকিৎসক বাবুল কুমার সাহা বলেন, সৌরভ সুস্থ আছে। সে আশঙ্কামুক্ত। শিশু সৌরভের সঙ্গে তার বাবা-মা, ভাই, চাচাসহ অন্যান্য আত্মীয়-স্বজনরা আছেন। শিশুটির মা সেলিনা বেগম বলেন, ছেলের চিকিৎসা করতে গিয়ে আর্থিক সংকটে পড়েছেন।

সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের গোপালচরণ গ্রামের সাজু মিয়ার ছেলে চতুর্থ শ্রেণির ছাত্র শাহাদাত হোসেন সৌরভকে শুক্রবার সকালে বাড়ি সংলগ্ন সুন্দরগঞ্জ-বামনডাঙ্গা সড়কে সকাল পৌনে ছয়টার দিকে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটন গুলি করেন। এতে সৌরভের ডান পায়ে দুইটি ও বাম পায়ে একটি গুলি লাগে।