যুক্তরাজ্যের লিডসে ‘বাংলাদেশি কমিউনিটি সেন্টারের’ নেতৃত্ব নির্বাচন নিয়ে বাংলাদেশি দুই পক্ষের মধ্যে তুমুল মারামারি হয়েছে। গত শনিবারের এ ঘটনার পর পুলিশ চারজনকে আহতাবস্থায় উদ্ধার ও কয়েকজনকে গ্রেপ্তার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কমিউনিটি সেন্টারের নেতৃত্ব নির্ধারণে ডাকা পর্ষদের সাধারণ সভা ও নির্বাচনকে কেন্দ্র করেই ওই সংঘর্ষ ঘটে।
জানা গেছে, লিডসের হেয়ারহিলসের রাউন্ডহে রোডে বাংলাদেশি কমিউনিটি সেন্টারের ১২ সদস্যের পরিচালনা পর্ষদ রয়েছে। চেয়ারম্যান আফজল হোসেনের নেতৃত্বে সাতজন এবং সদস্য আবুল আবেদিনের নেতৃত্বে পাঁচজনে বিভক্ত এই পর্ষদ। সাধারণ সম্পাদক সেলিম আহমদ অভিযোগ করেন, বোর্ডসভায় সিদ্ধান্ত হলেও আবুল আবেদিনের পক্ষ নির্বাচন আয়োজন নিয়ে আপত্তি তোলে। শনিবার সভার একপর্যায়ে আবেদিন ২০-২৫ জন লোক নিয়ে হট্টগোল শুরু করেন। ফলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
এ বিষয়ে আবুল আবেদিন পক্ষের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।