আইএসের হাতে অপহৃত বাংলাদেশিরা দোয়া চান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ায় জঙ্গিদের হাতে বন্দী দুই বাংলাদেশি হেলালউদ্দিন ও আনোয়ার হোসেন জীবিত আছেন বলে দাবি করেছেন হেলালউদ্দিনের পরিবার। আজ মঙ্গলবার সকালে হেলালউদ্দিন মুঠোফোনে তাঁর স্ত্রী আলেয়া বেগম ও বড় মেয়ে হেলেনা আক্তারের সঙ্গে কথা বলেছেন। তিনি পরিবারসহ সবার কাছে দোয়া চেয়েছেন। হেলালউদ্দিন জানিয়েছেন, আনোয়ার হোসেনও জীবিত আছেন।

হেলালউদ্দিনের বাড়ি জামালপুরে। দুপুরে প্রথম আলোকে দেওয়া আলেয়া বেগম ও হেলেনা আক্তারের ভাষ্য, সকাল সাড়ে ১০টার দিকে লিবিয়া থেকে মোবাইল ফোনে তাঁর স্বামী কথা বলেছেন। প্রথমে তাঁর সঙ্গে এবং পরে বড় মেয়ে হেলেনার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেছেন।
কী কথাবার্তা হয়েছে-জানতে চাইলে নবম শ্রেণির ছাত্রী হেলেনা আক্তার বলে, ‘আমি জিজ্ঞেস করলাম আব্বা-কেমন আছেন? আব্বা বললেন, “আছি। বেঁচে আছি”। কোথায় আছেন-জানতে চাইলে আব্বা বলেছেন, “ওরা আমাদের অনেক দূরে নিয়ে এসেছে। মাঝে মাঝে খাবার দিচ্ছে। তোমরা সবাই আমাদের জন্য দোয়া করো”। আরেক বাংলাদেশি আনোয়ার হোসেনের বিষয়ে তিনি কোনো তথ্য জানিয়েছে কি না-জানতে চাইলে হেলেনা আক্তার বলেন, ‘আমি জিজ্ঞেস করেছিলাম আব্বা নোয়াখালীর যে লোকটা ছিল, তাঁর কী অবস্থা। আব্বা বলেছেন, “আমার পাশেই আছে”।
হেলালউদ্দিনের বোন জোহরা বেগম বলেন, ‘ভাবি ও আমার ভাস্তির সঙ্গে যখন কথাবার্তা হয়, আমরাও পাশে ছিলাম। আমাদের সবাইকে দোয়া করতে বলেছে। সম্ভবত জঙ্গিরাই তাদের মোবাইল থেকে কথা বলার সুযোগ করে দিয়েছিল।’

আনোয়ার হোসেনের স্ত্রী মারুফা খাতুন প্রথম আলোকে জানান, হেলাল উদ্দিনের পরিবারের সঙ্গে তার কথা হয়েছে। তারা জানিয়েছেন তার স্বামী সুস্থ আছে। তিনি এখন স্বামীর ফোনের অপেক্ষায় আছেন। 
গত ৬ মার্চ লিবিয়ার দক্ষিণাঞ্চলের সির্তে শহরের আল ঘানি তেলখনিতে বন্দুকধারী জঙ্গিরা হামলা চালায়। স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার আগেই জঙ্গিরা ১১ জন নিরাপত্তাকর্মীকে হত্যা করে। পরে সেখান থেকে দুই বাংলাদেশিসহ নয়জন বিদেশিকে জিম্মি করা হয়।
লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেছিলেন, ‘মুসলিম দেশ হিসেবে তাদের (আইএস) বাংলাদেশি নাগরিকদের প্রতি এক ধরনের সহানুভূতি থাকার কথা। আমরা খোঁজখবর রাখছি। আশা করছি শেষ পর্যন্ত এই দুই বাংলাদেশি মুক্তি পাবে।’
সর্বশেষ গত বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এমআরপি নিয়ে একটি বৈঠকে যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রী মাহমদু আলী বলেন, ‘অস্ট্রিয়ার মালিকানাধীন একটি কোম্পানির নয়জন কর্মচারীকে অপহরণ করা হয়েছে। এর মধ্যে ফিলিপাইনের চারজন এবং আমাদের দেশের দুজন ছিলেন। এ ব্যাপারে অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী তিউনিসিয়ায় গেছেন। আমাদের রাষ্ট্রদূত সেই বৈঠকে ছিলেন।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা তাদের (অস্ট্রিয়া ও ফিলিপাইন) সঙ্গে যোগাযোগ করছি এবং ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী সরাসরি টেলিফোনে আমার সঙ্গে কথা বলেছেন। তারা এবং আমাদের রাষ্ট্রদূতসহ স্থানীয় কর্তৃপক্ষ অপহৃতদের উদ্ধারে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে।’