লিবিয়ায় আটকে রেখে দেশে মুক্তিপণ দাবি, একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ায় আটকে রেখে দেশে মুক্তিপণ দাবি করার অভিযোগে মল্লিক আবদুল হান্নান (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এখন লিবিয়ায় আটক ব্যক্তিকে উদ্ধারে ইন্টারপোলের সাহায্য চাওয়া হবে বলে জানিয়েছেন পিবিআইর কর্মকর্তারা।
পিবিআই ঢাকা মহানগরের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার বশির আহমেদ গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর পুরানা পল্টন এলাকা থেকে হান্নানকে গ্রেপ্তার করা হয়। তিনি মূলত বিনা টাকায় বিদেশে পাঠানোর কথা বলে মানব পাচারকারী চক্রের জন্য লোক সংগ্রহ করতেন। এভাবে গত ৪ মার্চ মো. মুন্না শেখ (২০) নামে এক তরুণকে বিদেশে পাঠানো হয়। পরে মুন্নার যমজ ভাই জিন্নাহ শেখের কাছে লিবিয়া থেকে ভিডিও কল করে মানব পাচারকারী চক্রটির সদস্যরা চার লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। গত ২৮ মার্চ জিন্নাহ এ বিষয়ে রমনা থানায় মানব পাচার আইনে একটি মামলা করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পায় পিবিআই। পরে প্রযুক্তির সাহায্য নিয়ে হান্নানকে গ্রেপ্তার করা হয়।
যেভাবে ফাঁদে পড়েন মুন্না
মুন্নার ভাই জিন্নাহ শেখ গতকাল প্রথম আলোকে জানান, তাঁদের বাড়ি মানিকগঞ্জে। মুন্না ফকিরাপুল এলাকায় একটি ছাপাখানায় কাজ করতেন। সেখানে সহিদুল ইসলাম নামের এক ব্যক্তির সঙ্গে তাঁর পরিচয় হয়। মুন্নাকে বলা হয়, বিদেশ যেতে কোনো টাকা লাগবে না। বিদেশে চাকরি করে টাকা পরিশোধ করলেই হবে। সে অনুযাযী গত মাসে লিবিয়ার উদ্দেশে দেশ ছাড়েন মুন্না। ১০ দিন পর গভীর রাতে জিন্নাহর ফোনে একটি ভিডিও কল আসে। তাতে দেখা যায়, মুন্নাকে কয়েকজন লোক আটকে রেখে মারধর করছেন। তখন মুন্না বলেন, এদেরকে চার লাখ টাকা না দিলে তাঁকে মেরে ফেলবে। টাকা পাঠানোর জন্য ঢাকার একটি ব্যাংকের হিসাব নম্বর দেওয়া হয়। এরপর আরও কয়েকবার মুক্তিপণ চেয়ে ফোন আসে। এরপর তিনি (জিন্নাহ) রমনা থানায় অজ্ঞাতনামা লোকজনের বিরুদ্ধে মামলা করেন।
পিবিআই জানায়, জিজ্ঞাসাবাদে হান্নান বলেছে, এই মুক্তিপণ আদায়কারী চক্রটির প্রধান কাজী ইসমাইল প্রবাসী। এই চক্রের সদস্যদের মধ্যে রয়েছেন সহিদুল ইসলাম (যাঁর মাধ্যমে মুন্না লিবিয়া যান), শহিদ, নজরুল ইসলাম, রয়েলসহ আরও কয়েকজন। এঁরা বিনা টাকায় বিদেশে পাঠানোর লোভ দেখিয়ে বিভিন্ন জেলা থেকে লোক সংগ্রহ করেন। বিশেষ করে যাঁদের জমিজমা আছে, কিন্তু স্বল্পশিক্ষিত বা কম বেতনে ছোটখাটো চাকরি করেন, এমন লোকজনকে বেছে নেন। বিদেশে তাঁদের একটি কক্ষে আটকে রেখে নির্যাতন চালিয়ে টাকার জন্য চাপ দেওয়া হয়। গ্রেপ্তার হওয়া হান্নান ও তাঁর সহযোগী শহিদ, রয়েল মাঠ পর্যায় থেকে লোক সংগ্রহ করে আঞ্চলিক সমন্বয়কারী সহিদুল ইসলামকে বুঝিয়ে দেন। ভিসা, বিমানের টিকিট ইত্যাদি করে দিয়ে বিমানবন্দর পার করানোর দায়িত্ব নজরুলের। বিদেশে যাওয়ার পরই সবকিছুর নিয়ন্ত্রণ নেন কাজী ইসমাইল।
পিবিআইর কর্মকর্তারা জানান, এখন হান্নানকে দিয়ে দর-কষাকষি করে তাঁরা মুন্নাকে উদ্ধারের চেষ্টা করবেন। এ ছাড়া ইন্টারপোলের সাহায্যও চাওয়া হবে।