লিবিয়ায় আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার দুই ব্যক্তিকে লিবিয়ায় নিয়ে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে বলে তাঁদের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন। নির্যাতন বন্ধ ও বন্দিদশা থেকে মুক্ত করার আশ্বাস দিয়ে পাচারকারী চক্রের এ দেশীয় দালালেরা দুটি পরিবারের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে।
এ দুটি ঘটনায় গত ১০ দিনের ব্যবধানে নান্দাইল মডেল থানায় মানব পাচার আইনে একটি মামলা ও একটি সাধারণ ডায়েরি হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে জিডি করেন আউটারগাতী গ্রামের সাহেদা খাতুন (৬০)। তিনি বলেন, তাঁর ছেলে হারিকুল ইসলামকে (৩০) মালয়েশিয়ায় চাকরি দেওয়ার কথা বলে তিন বছর আগে পাশের বনাটি গাঙ্গাইলপাড়া গ্রামের আবুল হাশেম পাঁচ লাখ টাকা নেন। গত ১৮ সেপ্টেম্বর হারিকুলকে মালয়েশিয়ায় পাঠানো হয়েছে বলা হয়। কিছুদিন পর হারিকুল জানান, তাঁকে লিবিয়ায় নেওয়া হয়েছে। সেখানে একটি জায়গায় আটকে রেখে নির্যাতন চালানো হচ্ছে। তিনি হারিকুলের কথামতো বসতবাড়ির কিছু অংশ বিক্রি করে আবুল হাশেমের দলের সদস্য স্বপন মিয়াকে ৫০ হাজার টাকা দেন। কিন্তু হারিকুল ছাড়া পাননি।
সাহেদা খাতুন বলেন, এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তিকে হাত করে আবুল হাশেম (৩৫), স্বপন মিয়া (৫০), বেদনা আক্তার (৫০) সাইকুল ইসলাম (৫৫) এবং নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শফি মিয়াসহ (৪০) কয়েকজন ব্যক্তি বিভিন্ন এলাকার যুবকদের চাকরির প্রলোভন দিয়ে বিদেশ পাঠাচ্ছেন। হারিকুল ফোনে বলেছেন, সেখানে শতাধিক লোক আটক রয়েছেন। তাঁদের নির্যাতন করে দেশ থেকে টাকা আদায় করা হচ্ছে।
গত ২৮ নভেম্বর হাশেম চক্রের সদস্যদের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় মানব পাচার আইনে মামলা করেন একই ইউনিয়নের বিলভাদেরা গ্রামের মোসলেম উদ্দিন (৬২)। তিনি বলেন, তাঁর ছেলে আন্তারুল ইসলাম (৩৫) কৃষি কাজ করতেন। শফি মিয়াকে জনশক্তি রপ্তানির এজেন্সির মালিক পরিচয় দিয়ে আবুল হাশেম ৫ লাখ ১০ টাকা নিয়ে আন্তারুলকে বিদেশে চাকরি দেওয়ার কথা বলে ১৮ সেপ্টেম্বর বিমানে ওঠান। দুদিন পর ফোন করে আন্তারুল লিবিয়া পৌঁছানোর সংবাদ জানান। কিছুক্ষণ পর আবুল হাশেমকে আরও দেড় লাখ টাকা দেওয়ার অনুরোধ করে আন্তারুল কান্নাকাটি করতে থাকেন। না হলে তাঁকে নির্যাতন করা হবে বলে জানান। তিনি হাশেমকে আরও ১ লাখ ৪০ হাজার টাকা দেন। এরপরও পাচারকারীরা টাকা চাওয়া অব্যাহত রেখেছে। অন্যদিকে আন্তারুলকে নির্যাতন করা হচ্ছে।
গতকাল শুক্রবার সকালে আউটারগাতী ও বনাটি গাঙ্গাইলপাড়া গ্রামে গিয়ে অভিযুক্ত ব্যক্তিদের খোঁজ পাওয়া যায়নি। তাঁদের মুঠোফোন নম্বরও বন্ধ পাওয়া গেছে।