লিবিয়ায় ক্যাম্পে হামলা, ১২ বাংলাদেশি আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ায় একটি ক্যাম্পে ডাকাতদের গুলিতে ১২ বাংলাদেশি আহত হয়েছেন। এ সময় ডাকাতেরা বাংলাদেশিদের টাকা-পয়সা মোবাইল সেটসহ সবকিছু ছিনিয়ে নেয়। আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর আ স ম আশরাফুল ইসলাম আজ মঙ্গলবার প্রথম আলোকে এ তথ্য জানান।

আশরাফুল ইসলাম বলেন, শুক্রবার ভোরে রাজধানী ত্রিপোলি থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরের আজদাবিয়া শহরের একটি আবাসন ক্যাম্পে এই ঘটনা ঘটে। লিবিয়া পুলিশকে পুরো ঘটনা জানানো হয়েছে। এ ব্যাপারে মামলাও হয়েছে।
দূতাবাস সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে টাঙ্গাইলের হুমায়ুন জমিরকে আইসিইউতে রাখা হয়েছে। বাকি ১১ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এঁরা হলেন টাঙ্গাইলের হারুনুর রশিদ, ফজলুর রহমান, মোহাম্মদ ফরিদ, মো. আউয়াল, কুমিল্লার আনোয়ার, বরিশালের সাঈদ, গাজীপুরের মোহাম্মদ শরিফ, নরসিংদীর মোস্তফা কামাল, চাঁদপুরের গোফরান, জামালপুরের মো. ফরিদ ও ব্রাহ্মণবাড়িয়ার আবুল বাসার।
দূতাবাস সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর চারটার দিকে চারজন সশস্ত্র ডাকাত বাংলাদেশিদের ক্যাম্পে যায়। তাদের দুজন বাইরে পাহারায় ছিল এবং দুজন ক্যাম্পে প্রবেশ করে বাংলাদেশিদের কাছ থেকে মোবাইল ও লিবিয়ান মুদ্রাসহ সবকিছু কেড়ে নিতে শুরু করে। একপর্যায়ে ক্যাম্পে বসবাসরত বাংলাদেশিরা প্রতিরোধ করে দুজন ডাকাতকে আটক করে। বাইরে অবস্থানরত দুজন ডাকাত তখন চলে গিয়ে কিছুক্ষণ পর আরও প্রায় ১২ থেকে ১৪ জনের একটি সশস্ত্র দল নিয়ে এসে এলোপাতাড়ি গুলি ছোড়ে এবং ধারালো ছুরি দিয়ে কয়েকজনকে আহত করে। এরপর তারা বন্দী ডাকাতদের মুক্ত করে সাতটি দামি মোবাইল সেটসহ প্রায় ১৬ হাজার লিবিয়ান দিনার নিয়ে চলে যায়। পরবর্তী সময়ে আহত ১২ জনকে হাসপাতালে নেওয়া হয়।