লিবিয়ায় ক্যাম্পে হামলা, ১২ বাংলাদেশি গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ায় একটি ক্যাম্পে ডাকাতদের গুলিতে ১২ বাংলাদেশি আহত হয়েছেন। এ সময় তাঁরা বাংলাদেশিদের টাকাপয়সা, মোবাইলসহ সবকিছু ছিনিয়ে নেয়। আহত ব্যক্তিদের একজনকে গুরুতর অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর আ স ম আশরাফুল ইসলাম গতকাল মঙ্গলবার প্রথম আলোকে এই তথ্য জানান। তিনি বলেন, শুক্রবার ভোরে রাজধানী ত্রিপোলি থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরের আজদাবিয়া শহরের একটি আবাসন ক্যাম্পে এই ঘটনা ঘটে। লিবিয়া পুলিশকে পুরো ঘটনা জানানো হয়েছে। এ ব্যাপারে মামলাও হয়েছে।
দূতাবাস সূত্রে জানা গেছে, আহত ব্যক্তিদের মধ্যে টাঙ্গাইলের হুমায়ুন জমিরকে আইসিইউতে রাখা হয়েছে। বাকি ১১ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এরা হলেন টাঙ্গাইলের হারুন অর রশিদ, ফজলুর রহমান, মোহাম্মদ ফরিদ, মো. আউয়াল, কুমিল্লার আনোয়ার, বরিশালের সাঈদ, গাজীপুরের মোহাম্মদ শরিফ, নরসিংদীর মোস্তফা কামাল, চাঁদপুরের গোফরান, জামালপুরের মো. ফরিদ ও ব্রাহ্মণবাড়িয়ার আবুল বাসার।
লিবিয়ার দূতাবাস সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর চারটার দিকে চারজন সশস্ত্র ডাকাত বাংলাদেশিদের ক্যাম্পে হানা দেয়। তাদের দুজন বাইরে পাহারায় ছিল এবং দুজন ক্যাম্পে প্রবেশ করে বাংলাদেশিদের কাছ থেকে মোবাইল ফোন, লিবিয় মুদ্রাসহ সবকিছু কেড়ে নিতে শুরু করে। একপর্যায়ে বাংলাদেশিরা প্রতিরোধ করেন এবং দুই ডাকাতকে আটক করেন। তখন বাইরে অবস্থানরত বাকি দুই ডাকাত চলে গিয়ে কিছুক্ষণ পর আরও প্রায় ১২-১৪ জনের একটি সশস্ত্র দল নিয়ে এসে কাম্পে হামলা করে। তারা এলোপাতাড়ি গুলি ছুড়ে এবং ধারালো ছুরি দিয়ে কয়েকজনকে আহত করে। এরপর তারা আটক দুই ডাকাতকে মুক্ত করে সাতটি দামি মোবাইল ফোনসহ প্রায় ১৬ হাজার লিবিয়ান দিনার লুট করে নিয়ে যায়। পরে ডাকাতদের হামলায় আহত ১২ জনকে হাসপাতালে নেওয়া হয়।