লিবিয়ায় গুলিতে চার বাংলাদেশি নিহত
লিবিয়ার বেনগাজি শহরে বিবদমান দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিতে চার বাংলাদেশি নিহত হয়েছেন। গত শুক্রবার এ ঘটনা ঘটে। গতকাল রোববার বাংলাদেশের কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) শহিদুল হকের উদ্ধৃতি দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালরে এক বিবৃতিতে বলা হয়, নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন রাজবাড়ীর মো. আবদুর রহমান, ময়মনসিংহ বা ঝিনাইদহের মো. হুমায়ূন কবির ও যশোরের মো. হাসান। নিহত অপর ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। রেডক্রস ও রেড ক্রিসেন্টের সহায়তায় মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে এবং তা বেনগাজি মেডিকেল কলেজ হাসপাতালের শবাগারে রাখা হয়েছে। মৃতদেহগুলো বাংলাদেশে পাঠানোর ব্যাপারে দূতাবাস কাজ করছে এবং পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয় দূতাবাসের সঙ্গে ‘সার্বক্ষণিক’ যোগাযোগ রাখছে।
বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ ও মরদেহ বাংলাদেশে আনার প্রক্রিয়ার সুবিধার্থে ২৪ ঘণ্টার হটলাইন (+২১৮৯৪৪৬৪২১৫৪) চালু করা হয়েছে।
তবে এর আগে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর এ এস এম আশরাফুল ইসলাম ইউএনবিকে জানিয়েছিলেন, বন্দুকযুদ্ধের সময় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি জানান, সেখানে নিয়মিত সংঘর্ষের ঘটনা ঘটছে এবং এসব বিষয়ে পুরোপুরি সঠিক তথ্য পাওয়া কঠিন।
আশরাফুল ইসলাম বলেন, ‘আমরা ফোনে নিহত ব্যক্তিদের সহকর্মীদের মাধ্যমে ঘটনাটি জানতে পারি।’ ওই বাংলাদেশি শ্রমিকেরা অস্ত্রধারীদের দেখে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁদের গুলি করা হয়। তিনি আরও বলেন, ‘এখান থেকে প্রকৃত তথ্য পাওয়া খুবই কঠিন। আমরা এখনো তাঁদের পাসপোর্ট হাতে পাইনি। পাসপোর্ট পাওয়ার পর আমরা তাঁদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হব।’